শেখ শাহ্ বশির (রহ.) এর ৩৫তম উরস ও তালতলার মেলা সম্পন

February 4, 2023,

স্টাফ রিপোর্টার॥ প্রতি বছরের ন্যায় এবারও ৩ ফেব্রুয়ারি শুক্রবার মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের মিটিপুরে শেখ শাহ্ বশির (রহ.) এর ৩৫তম বার্ষিক পবিত্র উরস মোবারক অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বাদ ফজর চেরাগ বাতি প্রজ্জ্বলন, আতর গোলাপ ও সুগন্ধি ছিটানো, চান্দোয়া টাঙানো, গিলাফ ছড়ানো, মাজারের সাজসজ্জা ও আলোকসজ্জাকরণ, জিয়ারত, মিলাদ মাহফিল, জিকির-আসকার, মোনাজাত ও শিরনী বিতরণ করা হয়।

দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা শেষে রাতে ভক্ত আশেকানদের নিয়ে খানকাহ অনুষ্ঠিত হয় এবং মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও শিরনী বিতরণের মাধ্যমে উরসের সমাপ্তি করা হয়। মিটিপুর ইলাশপুর যুব সমাজের আয়োজনে উরুস উপলক্ষে জুমআার নামাজের পর থেকেই বিভিন্ন স্থান থেকে শেখ শাহ্ বশির (রহ.) এর ভক্ত- মুরিদান ও আশেকান- মুহিব্বানরা এসে জড়ো হন।

রাতে বাউল শিল্পীরা ভাবভক্তিমূলক মুর্শিদী গান পরিবেশন করেন। শেখ শাহ্ বশির (রহ.) এর ৩৫তম বার্ষিক উরুস মোবারক উপলক্ষে ইলাশপুর মাঠে প্রতি বছরের ন্যায় দিবা-রাত্রব্যাপী রকমারী প্রসাধনী নিয়ে বিভিন্ন বণিকরা পসরা সাজিয়ে দোকান খোলে বসেন। মেলা দেখতে ও বাউল গান শুনতে জেলার বিভিন্ন স্থান হতে হাজার হাজার নানান বয়সী নারী-পুরুষ ভীড় জমায়।

জানা যায়, শেখ শাহ্ বশির (রহ.) এর বার্ষিক উরস মোবারক উপলক্ষে ইলাশপুর মাঠে ৩৫ বছর ধরে এই মেলা চালু রয়েছে। স্থানীয়ভাবে তালতলার মেলা নামে তা পরিচিতি লাভ করে। মেলা উপলক্ষে আশেপাশের গ্রামগুলোতে মেয়ে-জামাতাসহ আত্মীয়-স্বজনরা মেলা বসার আগেই বেড়াতে আসেন। মেলায় সাংসারিক কাজে ব্যবহারের বিভিন্ন সামগ্রী, রকমারী জিনিসপত্র মিষ্টান্ন ও প্রসাধনির সামগ্রীর দোকান বসে।

৩৫ বছর আগে এলাকার নেতৃত্বস্থানীয় পূর্বপুরুষরা এ মেলার আয়োজন করেছিলেন। সেই ঐতিহ্যবাহী বজায় রাখতে নতুন প্রজন্মেরা মিটিপুর ইলাশপুর যুব সমাজের ব্যানারে এ মেলার আয়োজন করে থাকেন। মেলাটি মুলত দিবারাত্রব্যাপী হলেও স্থানীয়ভাবে এর আনন্দের রেশ থাকে বেশ কয়েক দিনব্যাপী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com