সড়ক দূর্ঘটনায় শেরপুরে একজনের মৃত্যু

February 5, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে এলাকায় সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার শেরপুর বাজার এলাকাধীন মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গাড়ির চাপায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন- ওসমানী নগর উপজেলার খছরুপুর গ্রামের মৃত সাদিক মিয়ার ছেলে মো. দেলোয়ার মিয়া (৩৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয়রা শেরপুর বাজারসংশ্লিষ্ট সিলেট-ঢাকা মহাসড়কে সিলেট মিনিবাস স্ট্যান্ড সংলগ্ন কাউন্টারের সামনে মহাসড়কে দেলোয়ারের মৃতদেহ পরে থাকতে দেখেন। পরে লোকজন জড়ো হলে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ থানা হেফাজতে নিয়ে যান। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন থানায় আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, ধারণা করা হচ্ছে, গাড়ির ধাক্কায় সে মারা গিয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com