জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ “স্মার্ট গ্রন্থাগার স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে মৌলভীবাজার জেলা প্রশাসনের সহযোগীতায় গণগ্রন্থাগার সম্মেলন কক্ষে স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে গ্রন্থাগারের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
রোববার ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হারুন মিয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান বলেন, ‘বই মানুষের প্রকৃত বন্ধু, যা জ্ঞানের পরিধি বাড়ায় ও মানবসত্তাকে জাগ্রত করে। মনের খোরাক মেটানোর পাশাপাশি বই মানুষের অভিজ্ঞতা বৃদ্ধি করে নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করতেও সহায়তা করে। কালের পরিক্রমায় সভ্যতার সেতু বন্ধন হিসেবে গ্রন্থাগার কাজ করে।
তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তির উৎকর্ষে বই সংরক্ষণ ও পড়ার অভ্যাস ক্রমেই হ্রাস পাচ্ছে। সে প্রেক্ষিতে মানুষকে বই পড়ায় উৎসাহিত করতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন কার্যকর ভূমিকা রাখতে পারে।’ আলোচনাসভা শেষে অতিথিরা বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।



মন্তব্য করুন