মৌলভীবাজারে ইউকে এডুকেশন ফেয়ার সম্পন্ন

স্টাফ রিপোর্টার॥ এডভান্সড ক্যারিয়ার এডুকেশন ডোরওয়ে ও ইংলিশ মেন্টরস্’র যৌথ উদ্যোগে আড়ম্বরপূর্ণ ইউকে এডুকেশন ফেয়ার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৫ ফেব্রুয়ারি শহরের একটি অভিজাত্য রেস্টুরেন্টে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এডুকেশন ফেয়ারে শিক্ষার্থী-অভিভাবকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
এই ফেয়ারে উপস্থিত শিক্ষার্থীগণ সরাসরি ইউকেসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের রিপ্রেজেনটেটিভদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন। এছাড়াও ফেয়ারে উপস্থিত শিক্ষার্থীদের জন্য ছিলো আকর্ষণীয় গিফট এবং অফার।
ফেয়ারে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার নানান দিক সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানের অন্যতম আয়োজক এডুকেশন ডোরওয়ের ডিরেক্টর ও সিইও তারেক আজিজ দিনব্যাপী এই অনুষ্ঠানে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে ছাত্র-ছাত্রীদের করণীয় এবং কীভাবে ভালো মানের একটি বিশ্ববিদ্যালয় নির্বাচন করবে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান করে বলেন, শুধুমাত্র গতানুগতিক ধারার পড়াশুনা করলে হবেনা বরং গ্লোবালাইজেশনের এই যুগে ঠিকে থাকতে হলে বৈশ্বিক চাহিদার আলোকে বিষয় নির্বাচন করে পড়তে হবে।
অনুষ্ঠানের প্রিন্সিপাল কনসালটেন্ট এমদাদুল করিম চৌধুরী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, এ ধরণের আয়োজন ছেলে-মেয়েদের মধ্যে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে সচেতনতা সৃষ্টি করবে যা এতদ অঞ্চলের ভবিষ্যৎ উন্নয়নে অবদান রাখবে।
এডভান্সডক্যারিয়ারের জেনারেল ম্যানেজার শফিক মিয়া বলেন, মেধাবী শিক্ষার্থীরা যাতে সহজে বিদেশে উচ্চতর ডিগ্রি গ্রহণ করতে পারে তার পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য ছিল। ইংলিশ মেন্টরের ডিরেক্টর নাহিদ রহমান ছাত্র-ছাত্রীদেরকে ইংরেজীতে দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভান্সড ক্যারিয়ারের চীফ এডুকেশন কনসালটেন্ট সিরাজুল ইসলাম চৌধুরী (হিমেল), এডুকেশন কনসালটেন্ট ও পাবলিক রিলেশনশিপ অফিসার মুহাম্মদ শায়খুল ইসলাম, ট্রেইনী এডুকেশন কনসালটেন্ট নুসরাত জাহান মৌষী, মুহাম্মদ জাবেদ আহমদ, তনুশ্রী ভৌমিক, ইংলিশ মেন্টরের এডুকেশন কনসালটেন্ট হাবিবুর রহমান, খায়রুল আমিন প্রমুখ।



মন্তব্য করুন