জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও চোরাই মোটরসাইকেলসহ আটক ২

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস, নগদ টাকা ও একটি চোরাই মোটরসাইকেলসহ ইমরান উদ্দিন(৩২) ও সানি কাইয়ুম মিয়া (৩৩) নামে দুজনকে আটক করা হয়েছে।
শনিবার ১১ মার্চ রাতে মৌলভীবাজার সদর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ সরকার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উপজেলার কনকপুর থেকে তাদেরকে আটক করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে মৌলভীবাজার সদর থানায় গোপন সোর্সের মাধ্যমে সংবাদ আসে যে কনকপুর গ্রামে জনৈক সায়েদ মিয়ার ভাড়াটিয়া মোজাহিদ মিয়ার বসতঘরে একদল যুবক তাস দিয়ে জুয়া খেলছে। এই সংবাদের ভিত্তিতে রাত ১১ টায় মৌলভীবাজার সদর থানা অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর থেকে মোজাহিদ মিয়া (৩৮) ও ইব্রাহিম মিয়া(৪০) নামে দুজন পালিয়ে যায়। সেখান থেকে পুলিশ দুই জনকে আটক করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২ টি তাস এবং নগদ ১ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়।
ঘটনাস্থলে একটি রেজিষ্ট্রেশন বিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল পাওয়া গেলে পুলিশ গাড়িটির মালিকানা সংক্রান্ত কাগজপত্র দেখতে চায়। কিন্তু আটককৃতরা গাড়ির কোন কাগজাদি দেখাতে পারেনি। পুলিশ গাড়িটির ইঞ্জিন নাম্বারে ঘষামাজা দেখে গাড়িটি চোরাই গাড়ি হিসেবে জব্দ করে।
এই ঘটনায় আটককৃত দুই জন এবং পলাতক দুইজনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় পেনাল কোডের ৩৭৯/৪১১ এবং জুয়া আইনের ০৩/০৪ ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে।



মন্তব্য করুন