মৌলভীবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান কুষ্টিয়ায় অতিরিক্ত জেলা জজ পদে বদলী

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসানের বদলী আদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
৪ এপ্রিল এক প্রজ্ঞাপনে তাঁকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত জেলা জজ পদে বদলী করা হয়েছে। সোমবার ১০ এপ্রিল তিনি দায়িত্বভার হস্তান্তর করেছেন।
মুহম্মদ আলী আহসানের ২০১৮ সালের মে মাসে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন। তিনি মৌলভীবাজার জেলায় যোগদানের পর থেকেই আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও সাধারণ জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করাসহ বিচারপ্রার্থী জনগণকে উত্তম সেবা প্রদানে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করার লক্ষ্যে কাজ করেছেন।
ম্যাজিস্ট্রেসীর আলোচিত অনেক মামলার দৃষ্টান্তমূলক রায় ও আদেশ দিয়েছেন। বিশুদ্ধ খাদ্য আদালত, পরিবেশ আদালতের কার্যক্রম শুরু, জাস্টিস অব দা পিস হিসেবে গুরুত্বপূর্ণ বিষয়ে আদেশ প্রদানসহ প্রবেশনে রায় প্রথা চালু করেন। যার ফলে একজন সুদক্ষ ও বিচক্ষণ বিচারক হিসেবে সচেতনমহলসহ সর্বমহলে সুনাম রয়েছে। বিদায়কালে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।



মন্তব্য করুন