মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর পর মারা গেল শিশু ফাহিমও

January 20, 2024,

মোঃ আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজার সদর উপজেলার কনকপুরে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দু’জনের মৃত্যুর পর গুরুতর আহত শিশু ফাহিম (১২) মারা গেছে।
শুক্রবার ১৯ জানুয়ারি বিকেল ৪ টার দিকে শিশু ফাহিম চিকিৎসাধীন অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন। এ নিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রতিবন্ধী সহ ৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ।
নিহত শিশু ফাহিম মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাম্মনগ্রাম এলাকার মধু মিয়ার ছেলে। তাঁর মায়ের নাম মেঘনা বেগম।
এর আগে ঘটনাস্থলে নিহত হন, শেরপুর সিএনজি সমিতির সভাপতি আবাস মিয়া (৬৫) ও প্রতিবন্ধী মধু মিয়া (৬০) দু’জনের বাড়ি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাম্মণগ্রাম গ্রামে।
আহতদের মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও গুরুতর আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তিকৃত আহত ৬ জনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার্ড করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাস ও চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি তবে বাস-সিএনজি জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com