মৌলভীবাজারে জেলা ছাত্রদলের বি/ক্ষো/ভ মিছিল

July 14, 2025,

স্টাফ রিপোর্টার : গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মৌলভীবাজার জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করছে। স্লোগানে স্লোগানে উত্তাল ছিল ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিণ্ডি যাবে রাজাকার’।
১৪ জুলাই সোমবার বিকেলে মৌলভীবাজার পৌর কার্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চৌমুহনা এলাকা হয়ে সিকান্দর আলী সড়ক মোড়ে গিয়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত থেকে ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মহসিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র দলের আহবায়ক জনি আহমদ সহ অন্যান্যরা। বিক্ষোভ মিছিলে জেলা, সদর উপজেলা, পৌর ও কলেজ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ বলেন, “শিক্ষাঙ্গনে গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনতেই এই গুপ্ত সংগঠনকে ব্যবহার করা হচ্ছে। আমরা ছাত্রসমাজকে সচেতন করছি এই অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান বলেন, “ছাত্রদের কাঁধে দেশের ভবিষ্যৎ। অথচ একটি মহল তাদের বিভ্রান্ত করে রাজনীতির নাম করে ধ্বংসের পথে নিতে চায়। এই ষড়যন্ত্র আমরা মাঠে প্রতিহত করব।
সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মহসিন বলেন, “ছাত্রদল গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে। কোনো গোপন সংগঠনের ছত্রছায়ায় ছাত্রসমাজ যেন অন্ধকারে না ডুবে যায়, সে বিষয়ে আমরা সজাগ।”
যুগ্ম সম্পাদক শাহান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন বলেন, “মব-এর মতো গোপন সংগঠনের অপতৎপরতা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি। সরকারের নীরব সমর্থন এই ষড়যন্ত্রকে আরও ভয়ংকর করে তুলছে।”
নেতারা ঘোষণা দেন, শিক্ষার পরিবেশ বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র ছাত্রদল প্রতিহত করবে এবং ছাত্রসমাজের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com