কমলগঞ্জে আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন

March 10, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে মঙ্গলবার ভোররাত সাড়ে ৫টার দিকে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে ৩নং মুন্সীবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রায়নগর গ্রামের বাসিন্দা রুবেল দাসের খড়ের ফেইন, গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ মাসের গর্ভবতী একটি গাভীসহ প্রায় ৫০ মন ধান, পানির মটর ট্যাংকি ও ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেন।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে অর্চনা দাস (৬০), সীমা দাস (৩৫) ও রুপক দাস (৪০) আহত হয়েছেন এবং আরও ৪টি গরু আংশিকভাবে দগ্ধ হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ ঘটনায় এলঅকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের জরুরি সহায়তা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

আলাপকালে কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ওমর ফারুক বলেন, ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছি। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা করা হবে।

স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) সমকালকে জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরী ভিত্তিতে সরকারী সহায়তা প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com