শ্রীমঙ্গল শিশু পরিবার ভবনের নির্মাণকাজ শুরু

April 13, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে দোয়া মাহফিলের মধ্য দিয়ে শ্রীমঙ্গল শিশু পরিবারের একটি ৫ তলা ও একটি ৪ তলা ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে।

এতিম শিশুদের জন্য নির্মিতব্য এই ভবনের নির্মাণকাজ শুরুর দোয়া মাহফিলে অংশ নেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন, মৌলভীবাজার জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী আব্দুর রকিব এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী।

সমাজসেবা অধিদপ্তর জানায়, কয়েক বছর আগে ভূমিকম্পে শ্রীমঙ্গল শিশু পরিবারের ৫ তলা ভবন ক্ষতিগ্রস্ত হলে সেটি ভেঙে ফেলা হয়। পরে ওই স্থানে ৫ তলা বিশিষ্ট একটি ডরমিটরি ভবন ও ৪ তলা বিশিষ্ট একটি প্রশিক্ষণ ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা।

এ সময় মো: মুজিবুর রহমান চৌধুরী বলেন, আমাদের তো বাড়িঘর আছে, কিন্তু এই এতিম শিশুদের আশ্রয়স্থল ভবনটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরিত্যক্ত করা হয়েছিল। বর্তমানে তারা বিকল্প ব্যবস্থায় রয়েছে। তাই তাদের এই নিবাসটি দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। এজন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবন দুটির নির্মাণকাজ শুরু করেছে বলেও তিনি জানান। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের মান বজায় রেখে সঠিকভাবে নির্মাণকাজ সম্পন্ন করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com