পরিকল্পিত স/ন্ত্রা/সের প্রতিবাদে মাঠে নামছে মৌলভীবাজার বিএনপি, ৬ দিনে ১০ ইউনিটের মিছিল-সমাবেশ

September 22, 2026,

স্টাফ রিপোর্টার : ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার জেলা শাখা। ২১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত ২০ সেপ্টেম্বরের এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দকে কর্মসূচির সার্বিক প্রস্তুতি গ্রহণ, শৃঙ্খলা নিশ্চিত এবং মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ঘোষিত কর্মসূচির মধ্যে সোমবার ২১ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে মিছিল ও সমাবেশ করেছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার  বিকেল ৪টায় জেলা যুবদল কর্মসূচি পালন করবে।

এ ছাড়া ২৩ সেপ্টেম্বর রাত ৮ টায়  কুলাউড়া উপজেলা বিএনপি এবং একই সময়ে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি রয়েছে।

২৪ সেপ্টেম্বর একাধিক ইউনিটের কর্মসূচি রাখা হয়েছে। এদিন বিকেল ৩টায় মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর বিএনপি এবং কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি পৃথক কর্মসূচি পালন করবে। বিকেল ৪টায় বড়লেখা উপজেলা ও পৌর বিএনপি এবং জুড়ী উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এরপর ২৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজনগর উপজেলা বিএনপি এবং শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মসূচি পালনের কথা রয়েছে।

জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব ইউনিটের নেতাকর্মীদের কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com