কমলগঞ্জে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ পত্রিকার শুভ উদ্বোধন

April 26, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে নতুন সাপ্তাহিক পত্রিকা ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৫ এপ্রিল দুপুর ২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল আওয়াল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ মো: মাহবুল আলম ভূঁইয়া, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক মো: বকসি ইকবাল, সাংবাদিক মো: আব্দুল হান্নান চিনু, আহমদ সিরাজ, বিশ্বজিৎ রায়, এম এ ওয়াহিদ রুলু, আব্দুর রাজ্জাক রাজা, মো: আসহাবুজ্জামান সাওন, মো: আহমেদুজ্জামান আলম এবং মো: সালাউদ্দিন শুভসহ এলাকার সাংবাদিক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক পারভেজ আহমেদের সভাপতিত্বে এবং নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথি এমপি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) কেক কেটে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, একটি বস্তুনিষ্ঠ ও সাহসী গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরতে একটি শক্তিশালী সংবাদপত্রের বিকল্প নেই। ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ এলাকার মানুষের মুখপাত্র হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। তারা নতুন এই পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, কমলগঞ্জের নানা সমস্যা, উন্নয়ন সম্ভাবনা, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, চা-বাগান এলাকার বাস্তব চিত্র এবং জনজীবনের নানা দিক তুলে ধরতে এই পত্রিকা কার্যকর ভূমিকা রাখবে।

শেষে অতিথিদের সম্মানে কেক কাটা, ফটোসেশন এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। নতুন এই সাপ্তাহিক পত্রিকার যাত্রা স্থানীয় সাংবাদিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উপস্থিতরা মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com