কমলগঞ্জে ফুঁ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা, শমশেরনগরে প্রতারক আ/টক

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ‘বড় পীরের খাদেম’ পরিচয়ে এক নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় এক প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। রবিবার ২৬ এপ্রিল দুপুর ১২টার দিকে শমশেরনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী জরিনা বেগম জানান, তিনি শমশেরনগর সোনালী ব্যাংক শাখা থেকে ২৯ হাজার ৯ শত টাকা উত্তোলন করে বের হচ্ছিলেন। ব্যাংক থেকে বের হওয়ার পরপরই দুইজন অপরিচিত ব্যক্তি তার কাছে এসে নিজেদের ‘বড় পীরের খাদেম’ পরিচয় দিয়ে সালাম দেয়।
তারা নানা কৌশলে কথাবার্তা বলে একপর্যায়ে “ফুঁ” দিয়ে অলৌকিক ক্ষমতার কথা বলে তাকে বিভ্রান্ত করে। পরে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে জরিনা বেগম চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত ধাওয়া দেয়।
এসময় জনতা এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি হাবিব মিয়া (৩০), তিনি কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা এলাকার মৃত আছকির মিয়ার ছেলে বলে জানা গেছে। তবে তার সঙ্গে থাকা অপর সহযোগী টাকা নিয়ে পালিয়ে যায়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ পারভেজ বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।



মন্তব্য করুন