কমলগঞ্জে জলাবদ্ধতায় নাজুক আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

May 7, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারের দক্ষিণ চৌমুহনী এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও শিক্ষার্থীরা। সড়কের দুই পাশে অপরিকল্পিতভাবে বিল্ডিং নির্মাণ এবং কালভার্টের মুখ ভরাট হয়ে যাওয়ার কারণে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। ফলে সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদাপানিতে তলিয়ে যায় এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আদমপুর বাজারের দক্ষিণ চৌমুহনী এলাকার এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। অনেক সময় কাদাপানিতে পিছলে পড়ে দুর্ঘটনার শিকারও হতে হচ্ছে পথচারীদের।

এলাকাবাসীর অভিযোগ, সড়কের দুই পাশে ভবন নির্মাণের সময় যথাযথ পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়নি। এছাড়া কালভার্টের মুখ ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি সহজে বের হতে পারে না। ফলে পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং দিন দিন সড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়ছে।

স্থানীয়রা জানান, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, বাজার সভাপতি মো. জাহাঙ্গীর মুন্না রানা এবং সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বিভিন্ন সময়ে সড়কে ইট ও খোয়া ফেলে সাময়িক সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। তবে ভারী যানবাহনের চাপে ১০ থেকে ১৫ দিনের মধ্যেই সেগুলো ভেঙে কাদায় পরিণত হয়। এতে জনগণের দুর্ভোগের স্থায়ী কোনো সমাধান হয়নি।

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা জানান, বর্ষা মৌসুম এলেই সড়কের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে চরম ভোগান্তির শিকার হতে হয়। অনেক সময় রিকশা বা মোটরসাইকেল চলাচলও বন্ধ হয়ে পড়ে।

এলাকাবাসী দ্রুত সড়কটির স্থায়ী সংস্কার ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) দ্রুত উদ্যোগ নিয়ে সড়কটি পাকা ও চলাচলের উপযোগী করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- আদমপুর দক্ষিণ চৌমুহনীতে সড়কের নাজুক অবস্থা দেখেছি, বাজার পরিচালনা কমিটিকে বলেছি আপাতত মেরামত করার জন্য। স্হায়ী ভাবে কাজ করার জন্য গত কালকে বসছিলাম, উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছি। এইভাবে সমাধানের চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com