শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের ম/র/দেহ উদ্ধার

May 9, 2026,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ হোসেন নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

৯ মে শনিবার সকালে উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের রামপাড়া এলাকায় অজয় হাজরার বসতবাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা পুকুরে এক ব্যক্তির পা ভাসতে দেখে সন্দেহ হলে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত মোহাম্মদ হোসেন কুমিল্লার লাকসাম থানার আলোকদিয়া ইউনিয়নের খোজারকলা গ্রামের মৃত শরবত আলীর ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি সিলেট অঞ্চলে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় তিনি ‘হাসিম পাগলা’ নামে পরিচিত ছিলেন। পেশায় রিকশাচালক হলেও দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় চলাফেরা করতেন বলে এলাকাবাসী জানান।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে একই ইউনিয়নের একই এলাকার একটি লেক থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় পরপর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com