শ্রীমঙ্গল ৪৬ বিজিবি সীমান্ত এলাকা থেকে ২টি এক নলা ব/ন্দুক উদ্ধার

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা সীমান্ত এলাকা থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)। বিজিবির এক বিশেষ টহল দলের অভিযানে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
১ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে ১৮৮৬ নম্বর সীমান্ত পিলার থেকে আনুমানিক আড়াই কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে জামতলা খাসিয়াপুঞ্জি এলাকা থেকে অস্ত্র দুটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানাকে অবহিত করে বিজিবি। পরবর্তীতে নিয়মানুযায়ী মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রগুলো কমলগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুল হক জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই ধরনের অভিযান দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং অস্ত্র চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



মন্তব্য করুন