নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

May 11, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে শ্রীমঙ্গলে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১১ মে সকাল ১০টায় শ্রীমঙ্গল চৌমুহনায় ফার্মাসিউটিক্যাল্স রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) শ্রীমঙ্গল শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল। সাধারণ সম্পাদক জামাল মুসরাফিয়া-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অপসোনিনের এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির, বিকন ফার্মার এমপিও আজিজুর রহমান, এরিস্টো ফার্মার এমপিও মোহাম্মদ আলী, এভারেস্ট ফার্মার এমপিও আসাদুর রহমান এবং জিসকার এমপিও হুমায়ূন নাসির প্রমুখ।

বক্তারা বলেন, চিকিৎসা সেবার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা নানা প্রতিকূলতার মধ্যেও দায়িত্ব পালন করে যাচ্ছেন। অথচ তাদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা এখন হুমকির মুখে পড়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রোগীর দালাল চক্র ধরতে গিয়ে ঔষধ প্রতিনিধিদের পুলিশি গ্রেফতারের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের হয়রানি বন্ধ করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি এ ঘটনায় ঔষধ মালিকপক্ষের কার্যকর ভূমিকা না থাকায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com