ঐশী রবিদাসের মৃ/ত্যুর ঘটনায় তদন্ত এবং ক্যামেলিয়া হাসপাতাল পুনরায় চালুসহ ৫দফা দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

May 13, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শমসেরনগর চা বাগানের শিক্ষার্থী ঐশি রবিদাস (১৩) এর মৃত্যুর ঘটনায় স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অনতিবিলম্বে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল চালু করা এবং ভূক্তভোগী পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

১৩ মে দুপুরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম)-এর আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচিতে গভীর উদ্বেগের সাথে জানানো হয়, হাসপাতালটি বন্ধ থাকায় মৌলভীবাজার ও হবিগঞ্জের ৩৫টি চা বাগানের প্রায় লক্ষাধিক চা জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মারফত বিষয়গুলো সামনে আসছে। সমাজের অত্যন্ত পিছিয়েপড়া দলিত-চা শ্রমিক জনগোষ্ঠীর এহেন ঘটনা সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এটি মানবাধিকার লঙ্ঘনের সামিল, যা বাংলাদেশের সংবিধান এবং সামাজিক ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থী। দীর্ঘসময় হাসপাতালটি বন্ধ থাকার কারণে চিকিৎসা বঞ্চিতরা মৃত ঐশির পরিবারের প্রতি বিদ্বেষী হয়ে উঠছে। ফলে পরিবারটি নানারকম আশঙ্কায় দিনাতিপাত করছে। ঐশির মৃত্যুর শোক সইতে না পেরে তার দাদী সুখিয়া রবিদাস ক’দিন পূর্বে মৃত্যুবরণ করেছে। তাই পারিবারিক শোকের মাঝে আনুসাঙ্গিক মানসিক চাপ তাদের জন্য ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে উঠেছে।

পরিবারের বক্তব্য: হাসপাতাল চালু হোক সেটি তাদেরও দাবী। কিন্তু তাদের বিষয়ে জনমনে বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো কোনো ভাবেই কাম্য নয়। এর সুষ্ঠু সমাধান রাষ্ট্রের দায়িত্বের মধ্যেই পড়ে। আমরা মনে করি, এ বিষয়টি মানবিকভাবে বিবেচনার দাবী রাখে।

মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে নিম্নোক্ত দাবিনামা উত্থাপন করা হয়:

শমসেরনগর চা বাগানের শিক্ষার্থী ঐশি রবিদাসের মৃত্যুর ঘটনায় অবিলম্বে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল অনতিবিলম্বে পুনরায় চালু করতে হবে। ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় আর্থিক, আইনি ও মানসিক সহায়তা প্রদান করতে হবে।

চা বাগান এলাকার দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মানববন্ধনে বক্তাগণ বলেন, আমরা আশা করি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যম এই ইস্যুটি গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং একটি মানবিক সমাধানের দিকে এগিয়ে আসবে।

বিডিইআরএম-সিলেট বিভাগীয় কমিটির সভাপতি পরিমল সিং বাড়াইকের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, মৌলভীবাজার নাগরিক প্ল্যাটফর্ম এর আহবায়ক নজরুল ইসলাম মুহিব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাশুক মিয়া, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি জ্যোতিষ মোহন্ত, বাংলাদেশ উদীচি শিল্পীগোষ্ঠী-মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, গৌড় সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি হরিলাল গৌর, আশার আলো সমাজ কল্যাণ যুব সংঘ এর সভাপতি অনুরাগ কর্মকার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com