সরকারি কর্মসংস্থানের দাবি হিজড়া সম্প্রদায়ের

শ্রীমঙ্গল প্রতিনিধি : হিজড়া সম্প্রদায় চায় সরকারি কর্মসংস্থান, বাসস্থান ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন সুযোগ সুবিধা।
বুধবার ২০ মে সকাল ১১টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) মৌলভীবাজার জেলা শাখার সেমিনারে হিজড়া সম্প্রদায় এ দাবি জানায়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এস. এ. হামিদ। বিশেষ অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা এমসিডা’র সভাপতি মিজানুর রহমান আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডাব জেলা শাখার সাধারণ সম্পাদক পরিতোষ দেব।
অনুষ্ঠানে এডাবের সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। এতে সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার, সমঅধিকারভিত্তিক নাগরিকত্ব এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সেমিনারে বক্তারা বলেন, সমাজে সকল নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। বিশেষ করে নারী, শিশু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত হিজড়া সম্প্রদায়ের সদস্যরা সরকারের কাছে কর্মসংস্থান, বাসস্থান ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
তারা বলেন, সমাজে সম্মানজনকভাবে বেঁচে থাকার জন্য সরকারি চাকরি ও পুনর্বাসনের সুযোগ প্রয়োজন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন ভিএসডিও’র নির্বাহী পরিচালক মো. শাহীন আহমদ, আব্দা বহুমুখী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির আহ্বান।



মন্তব্য করুন