ঈদের টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত চায়ের দেশ, বৃষ্টি ও হামের কারনে চিন্তিত পর্যটন সংশ্লিষ্টরা

May 25, 2026,

এস এম উমেদ আলী : পবিত্র ঈদুল আজহার টানা ছুটিকে সামনে রেখে ভ্রমণপিপাসু পর্যটকদের বরণে প্রস্তুত চায়ের দেশ মৌলভীবাজার| আগত পর্যটকদের জন্য জেলার পাঁচতারকা হোটেল-রিসোর্ট ও গেস্ট হাউসগুলোতে ঘোষণা করা হয়েছে নানা আকর্ষণীয় সুযোগ-সুবিধা| পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি| তবে প্রতিদিনই কম বেশি ঝড় বৃষ্টি হওয়ার পাশাপাশি হামের প্রাদূর্ভাব বেড়ে যাওয়ায় পর্যটন সংশ্লিষ্টদের মাঝে বিরাজ করছে অনিশ্চয়তা|

প্রকৃতির অপুরূপ লীলাভূমি হিসাবে পরিচিত পর্যটন জেলা মৌলভীবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান টানা ছুটিতে অনেকেই পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসবেন| অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৈসর্গের অপরূপ প্রাকৃতিক এসব দৃশ্য অবলোকন করতে ছুটে আসবেন হাজার হাজার পর্যটক| একই সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবেন নানা শ্রেণী পেশার মানুষ|

পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে পর্যটকদের বড় একটি অংশ শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চান| তাই তাদের বরণ করতে ইতোমধ্যে পাঁচতারকা মানের রিসোর্টসহ শতাধিক রিসোর্ট, কটেজ, হোটেল ও গেস্টহাউস গুলো সাজ সজ্জার কাজসহ পরিস্কার পরিচন্নতা চলছে| ঈদ উপলক্ষে বিভিন্ন নামিদামি চাইনিজ ও থাই খাবারের ক্যাফে-রেস্টুরেন্টগুলো নতুন সাজে সজ্জিত করা হচ্ছে| পর্যটকদের ঈদের বুকিং এ দেয়া হচ্ছে বিশেষ ছাড়| খাবারের মেন্যুতেও আনা হয়েছে নতুনত্ব| পাশাপাশি পর্যটকদের যাতায়াতের জন্য শতাধিক চাঁন্দের গাড়ী প্রস্তুত রাখা রয়েছে|

পর্যটকরা মূলত দেখতে আসেন প্রকৃতির রুপে সজ্জিত চা-বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, হাকালুকি হাওর, হাইল হাওর, মাধবপুর লেক, মাধবকুন্ড জলপ্রভাত, হামহাম জলপ্রভাত, বাইক্কার বিল, রাবার বাগান, আনারস বাগান, লেবু বাগান, চা গাছে সজ্জিত দার্জিলিং টিলা, খাসিয়া পুঞ্জি, মনিপুরী সম্প্রদায়ের তাঁতশিল্প, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, নীলকণ্ঠ টি কেবিন, সীতেশ বাবুর চিড়িয়াখানা, পৃথিমপাশা নবাববাড়ি, পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্ট, বর্ষিজোড়া ইকোপার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থান|

এছাড়া মৌলভীবাজার জেলা সদরের মাতারকাপনে অবস্থিত মনু ব্যারেজ, মোগল আমলের শাহ সুজার মসজিদ, মনু নদী তীরবর্তী শহরের শান্তিভাগ ওয়াকওয়ে, হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) এর মাজার শরিফ, লাসুবন, শমসেরনগর গলফ মাঠ, ক্যামেলিয়া লেক, আদমপুর বনবিট, পদ্মছড়া চা বাগান লেক, পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্ট, আগর বাগান, ৭১ বধ্যভূম, দার্জিলিং টিলা, চা কন্যা ভাস্কর্য, টি মিউজিয়াম, ভাড়াউড়া চা বাগান লেক, সাত কালার নীল কণ্ঠ টি কেবিন, হরিণ ছড়া গলফ মাঠ, লাল টিলা, শঙ্কর টিলা, গরম টিলা, রাজনগরের কমলা রানির দীঘি, বরথল চা বাগান লেক, রবিরবাজার জামে মসজিদ, জুড়ীর কাশ্মির টিলা, লাঠি টিলাসহ জেলার বিভিন্ন চা বাগানও অনেকের কাছে পছন্দ|

মৌলভীবাজার পর্যটন সেবা সংস্থা সভাপতি সেলিম আহমেদ বলেন, ঈদুল আযহার টানা ছুটি থাকলেও মুলত ঈদের পর দিন থেকে হোটেল-রিসোর্ট বুকিং হয়ে থাকে| গত ঈদুল ফেতরে ছুটিতে শেষদিকে অনেক বুকিং বাতিল করেছেন পর্যটকরা| ঈদের ছুটিকে সামনে রেখে মোটামুটি ভালো পর্যটক সমাগমের আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা| আগামী ২৮ থেকে ৩১ মে পর্যন্ত বুকিং চলছে| তবে উল্লেখযোগ্য বুকিং হয়নি| ঈদুল আযহা উপলক্ষে ৪০ থেকে ৫০ ভাগ ডিসকাউন্ট দেয়া হয়েছে| এ বছর দেশ ব্যাপী শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পর্যটকদের আগমন কমে যাওয়ার শঙ্কায় রয়েছেন| এছাড়া অতিবৃষ্টি ও সম্প্রতি সময়ে বেকারত্ব বেড়ে যাওয়া কারণ হিসেবে দেখিয়েছেন| ঢাকা সিলেট মহা-সড়কের বেহালদশা ও জেলার পর্যটন এলাকার সংযোগ সড়কের অবস্থা খারপ থাকায় পর্যটকদের আগমন বেশ কয়েক মাস থেকে কম পরিলক্ষিত হচ্ছে|

রাধানগর পর্যটন কল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও নিসর্গ নিরব ইকো কটেজের মালিক কাজী সামছুল হক বলেন,

পর্যটকদের জন্য সবচেয়ে বেশি রিসোর্ট রয়েছে শ্রীমঙ্গলের রাধানগর এলাকায়| গেল ঈদুল ফেতরে আশানুরূপ বুকিং মিলেনি| আজ ২৫ মে পর্যন্ত ৩০ ভাগ বুকিং হয়েছে| ঈদের দিন পর্যন্ত অমুসলিম পর্যটকারা বুকিং বেশী দিচ্ছেন| ঈদের পরদিন থেকে মুসলিমদের বুকং সাধারণত হয়ে থাকে| ঈদের আরও কয়েকদিন রয়েছে আমরা অপেক্ষায় আছি| আরও কিছু বুকিং হতে পারে| মৌলভীবাজার জেলা শতাধিক হোটেল-রিসোট রয়েছে| এর মধ্যে শ্রীমঙ্গল এলাকায় অধিকাংশ হোটেল-রিসোর্ট রয়েছে| বর্তমানে আরও হোটেল-রিসোট নির্মাণ হচ্ছে| এতে প্রতিযোগীতা বেড়ে গেছে| এছাড়া রয়েছে ট্রেনের টিকিট সংকট, পর্যটকেরা টিকেট পান না| পর্যটকদের জন্য ঢাকা-সিলেট পথে একটি নতুন ট্রেন সংযোগ করা হলে পর্যটক আরও বাড়বে|

গ্র্যান্ড সুলতানের জিএম আরমান খান জানালেন, একদিকে চা-বাগানের অপার সৌন্দর্য, অন্যদিকে প্রবাসী-অধ্যুষিত এলাকা হওয়ায় এই অঞ্চলে ট্যুরিস্টদের আনাগোনা সব সময়ই একটু বেশি থাকে| যদিও এসএসসি এবং সমমানের পরীক্ষা চলছে তারপরও ভালো বুকিংয়ের আশা করছেন| আসছে ঈদুল আযহায় ৫০% ডিস্কাউন্ট অফার দেয়া হয়েছে| গত ঈদুল ফিতরে আমাদের পর্যটক আশানুরুপ ছিলো|

সিনিয়র ট্যুর গাইড ˆসয়দ রিফাত জামান বলেন, বিদেশী পর্যটকের সংখ্যা আগের চেয়ে বেড়েছে| তবে যারা আসছেন তারা ভিআইপি বা উচ্চ আয়ের ট্যুরিস্ট| তবে স্বল্প আয়ের বিদেশী ট্যুরিস্টের আগমন আগের চেয়ে কমে গেছে| স্বল্প আয়ের বিদেশী ট্যুরিস্টদের আগে রাস্তায় বাইসাইকেল বা পায়ে হেটে ঘুরতে দেখা যেত| থাকা-খাওয়া ও যাতায়াত ব্যায় অন্যান্য দেশের তুলনায় বেশী হওয়াতে তাদের সংখ্যা কমে গেছে| অনেক দেশী পর্যটক সপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন জেলা থেকে আসেন, বিভিন্ন দর্শনীয় স্থান তারা ঘুরেন| খরচ সংকোচন করতে রাত্রি যাপন না করে আবার চলে যান|

ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামরুল চৌধুরী বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের সম্মনয়ে জেলা ও উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে| পর্যটকরা নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন সে লক্ষে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে| এ ছাড়া আসছে ঈদে যানজট নিরসনে পর্যটন পুলিশ কাজ করবে|

ঈদ মানে খুশি, আনন্দ আর একটু বিনোদনের আশায় সাধ আর সাধ্যের মধ্যে ঘুরে বেড়ানো| এবারের ঈদের ছুটিতে মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থানগুলোতে নানা শ্রেণীপেশার লাখো মানুষের সমাগম ঘটবে এমনটাই প্রত্যাশা করছেন পর্যটন পর্যটন সংশ্লিষ্টরা|

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com