বিশ্বকাপ ফুটবলে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগদান

স্টাফ রিপোর্টার : বিশ্বকাপ ফুটবলের উত্তাপ ছড়িয়ে পড়তে শুরু করেছে মাঠের বাইরেও। বিশ্বকাপ সামনে রেখে মৌলভীবাজারে রাজনগরে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ৭ জুন শনিবার অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও নানা আয়োজন। রাজনগর উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি।
আয়োজনের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ইমরান নামের এক ব্রাজিল সমর্থক নিজে থেকে পরিবর্তন হয়ে আর্জেন্টিনার সমর্থক হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত ওই ব্যক্তি প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার জার্সি গায়ে তুলে নেন।
আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ রাজনগর এর আয়োজনে শোভাযাত্রায় অংশ নেন শত শত ফুটবলপ্রেমী। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশে তারা হাতে তুলে নেন বাংলাদেশের জাতীয় পতাকা ও আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকা। বিশ্বকাপে দলের সাফল্যের প্রত্যাশা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা।
ইমরান জানান, ২০১৪ সালে জার্মানির সাথে পরাজয় , তারপর ২০১৮ সালে বেলজিয়ামের সাথে এক বিভীষিকাময় হার, তারপর ২০২২ সালে ক্রোয়েশিয়ার সাথে শেষ সময়ে এসে হৃদয়ে রক্তক্ষরণ একটি হার, এ পরাজয় গুলো তার হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছে। যা কখনো সহ্য করতে পারেননি। এই পরাজয় তার মনকে বুঝাতে পারেননি। তাই তিনি সিদ্ধান্ত নেন আর্জেন্টিনায় যোগদান করবেন। দুধ দিয়ে গোসল শেষে আর্জেন্টিনার জার্সি গায়ে তুলে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সঙ্গে শোভাযাত্রায় যোগদেন।
আর্জেন্টিনা দলকে শুভ কামনা জানিয়ে দিনভর মৌলভীবাজারের রাজনগরে নানা আয়োজন করে আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজার। কেক কেটে আর্জেন্টিনা দলের জন্য শুভ কামনা জানান ভক্তরা। এসময় বক্তব্য দেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার, ওসি মো.ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম বকুলসহ অন্যান্যরা।



মন্তব্য করুন