আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের আগে ধরব, বিএনপির মীরজাফরদের টেলিফোন-হোয়াটসঅ্যাপও পরীক্ষা হবে-নাসের রহমান

স্টাফ রিপোর্টার : বিএনপির নেতাকর্মীদের মধ্যে কেউ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বা আঁতাত করলে তাদের বিরুদ্ধে প্রথমেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে রাজনীতি করা বিএনপির ‘মীরজাফরদের’ আগে ধরা হবে। প্রয়োজনে তাদের টেলিফোন ও হোয়াটসঅ্যাপের যোগাযোগও পরীক্ষা করা হবে।
শুক্রবার ২০ নভেম্বর বিকেল ৪টায় মৌলভীবাজারের রাজনগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা, অগ্নিসংযোগ ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসের রহমান বলেন, ‘আগে বহুতেই এখানে রাজনীতি করছেন। অনেক সময় আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে, সম্পর্ক করে রাজনীতি করেছেন। ভাইয়েরা, ওই দিন শেষ। যারা আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে রাজনীতি করেন, বিএনপির ওই সমস্ত মীরজাফরদের আগে ধরা হবে। আগে আওয়ামী লীগ ধরব না, আগে বিএনপির মীরজাফরদের ধরা হবে।’
তিনি আরও বলেন, ‘সবার টেলিফোন চেক করা হবে, কার সঙ্গে কথা বলেন, আওয়ামী লীগের কার সঙ্গে কথা বলেন—হোয়াটসঅ্যাপের সব হিসাব নেওয়া হবে। অনেকে মনে করেন, হোয়াটসঅ্যাপে কথা বললে কেউ ধরতে পারবে না। সাধু সাবধান! আমার দলের সাধুরা সাবধান থাকুন।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কেউ লিয়াজোঁ করলে তার প্রমাণসহ খবর দিতে হবে। শুধু মুখে মুখে অভিযোগ করলে হবে না। কে কোন আওয়ামী লীগ নেতার সঙ্গে যোগাযোগ করছেন, তার প্রমাণ দিতে হবে। সন্দেহভাজন বিএনপি নেতাদের নাম ও মোবাইল নম্বর দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘বাকিটা কাজ আমার।’
বিএনপির এই সংসদ সদস্য বলেন, সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম, মামলা-মোকদ্দমা সহ্য করেছেন। এখন বিএনপি ক্ষমতায়। তাই ঘরে বসে থাকার সময় নয়। আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই নিষিদ্ধ আওয়ামী লীগের বিষদাঁত ভাঙবে কে? এই বিষদাঁত আমাদেরই ভাঙতে হবে। আমরা এখন ক্ষমতায়।’
তিনি বলেন, আওয়ামী লীগ অতীতে বিএনপিকে পুলিশ দিয়ে মোকাবিলা করত। সাড়ে ১৫ বছর বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ, যুবলীগ ও পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন। ২০২৩ সালে একবার তাকে আক্রমণ করার চেষ্টা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। বিএনপিকে আওয়ামী লীগের মতো পুলিশনির্ভর দল হিসেবে উল্লেখ না করে তিনি বলেন, ‘আমরা কি তাদের মতো ফটকাবাজ দল? পুলিশের মাত মাতবেন না। জায়গায় বসেই আওয়ামী লীগকে ব্যবস্থা করতে হবে।’
আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে এম নাসের রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে এক মাসের মধ্যে তার ফাঁসি কার্যকর হবে বলে তিনি মনে করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এতদিন হাসিনা বলতেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। এখন আইন উনার কথা মতোই নিজস্ব গতিতে চলবে।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন গ্রেপ্তার হচ্ছেন। তাদের মন্ত্রী, মেয়র ও নেতাকর্মীদের একে একে ধরা হচ্ছে। টাকা দিয়ে রাস্তার লোকজনকে ককটেল ও পেট্রোল বোমা মারতে পাঠানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির আন্দোলনে পেট্রোল বোমা হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, এতদিন যারা এসব করেছে, এখন তা প্রমাণিত হচ্ছে। ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না—থলের বিড়াল বের হয়ে গেছে’ বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সাহস থাকলে নেতাকর্মীদের নিয়ে মিছিল বের করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, বিএনপি সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় রাজপথে আন্দোলন করেছে। তখন আওয়ামী লীগ বিএনপিকে দমাতে পারেনি।
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এম নাসের রহমান বলেন, কোথাও আওয়ামী লীগকে দেখা গেলে দলের নেতাদের খবর দিতে হবে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কেউ কথাবার্তা বা আঁতাত করলে তার বিরুদ্ধে ‘ফাস্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ নেওয়া হবে। ডিসেম্বর মাসকে সতর্ক থাকার মাস উল্লেখ করে তিনি বলেন, ‘ডিসেম্বর সজাগ থাকার মাস, ঘুমানোর মাস নয়।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ শক্তের ভক্ত, নরমের যম। আমরা সাড়ে ১৫ বছর বাইরে ছিলাম, কোনো গর্তের ভেতরে ছিলাম না। হয় জেলে ছিলাম, নয় রাজপথে, না হয় নিজের বাড়িতে ছিলাম। কেউ পালিয়ে ভারতে যাইনি। তাই আমাদের ভয়ের কিছু নেই। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে। আর যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে, তারা দেশের দুশমন—মনে রাখবেন।’
সমাবেশের আগে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাজনগর বাজার অতিক্রম করে কলেজ পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মুকিত, মো. ফখরুল ইসলাম, মো. হেলু মিয়া, বকসী মিসবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিতসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা রাজপথেই আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের হুঁশিয়ারি দেন।



মন্তব্য করুন