মৌলভীবাজার ডিবি পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রে/প্তা/র

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ রুবেল মিয়া (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছে।
রোববার ৭ জুন বিকেলে মৌলভীবাজার সদর মডেল থানাধীন চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার একটি ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তার হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রুবেল মিয়া মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা। অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপর এক আসামি পালিয়ে যায়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মৌলভীবাজারের অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।



মন্তব্য করুন