রুম টু রিডের উদ্যোগে জুড়ীতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির বার্ষিক পরিকল্পনা কর্মশালা

জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার ২৮ জুলাই রুম টু রিডের ‘জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফোলিও’-এর উদ্যোগে ‘শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির বার্ষিক পরিকল্পনা কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর। বিশেষ অতিথি ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ সুজাউদ্দৌলা এবং একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী।
রুম টু রিডের প্রোগ্রাম অফিসার চাঁদনী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে রুম টু রিড মৌলভীবাজার অফিসের ফিল্ড ম্যানেজার রতন চক্রবর্তী শুভেচ্ছা বক্তব্য দেন। কর্মশালায় সভাপতিত্ব করেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী। কর্মশালায় রুম টু রিডের প্রোগ্রাম অ্যাসোসিয়েট লুবাইনা সুলতানা শিশু সুরক্ষা নীতিমালা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন
আলোচনায় জানানো হয়, রুম টু রিড ২০২২ সাল থেকে জুড়ী উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ে ‘জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফোলিও’-এর আওতায় শিক্ষার্থীদের জীবনদক্ষতা উন্নয়ন বিষয়ক শিক্ষা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালে মহামান্য হাইকোর্টের নির্দেশনা (৯ নম্বর অনুচ্ছেদ) অনুসারে এসব বিদ্যালয়ে ‘যৌন নির্যাতন প্রতিরোধ ও অভিযোগ কমিটি’ গঠন করা হয়।
কর্মশালায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ এবং সেগুলো উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, রুম টু রিডের ফোকাল শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সদস্যরা দলীয় আলোচনার মাধ্যমে নিজ নিজ বিদ্যালয়ের সমস্যা ও সম্ভাব্য সমাধান তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বিদ্যালয়ভিত্তিক পাঁচ সদস্যবিশিষ্ট মূল কমিটির অধীনে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে সাব-কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের সচেতন ও উদ্বুদ্ধ করার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনো ধরনের নির্যাতন প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।



মন্তব্য করুন