রাজনগরে দুই চা-শ্রমিকের সহম/রণ

শংকর দুলাল দেব : রাজনগরে মঙ্গল বাউড়ি (৩৫) ও বিনতা বাউড়ি (৩৩) নামে দুই চা-শ্রমিকের সহমরণের খবর পাওয়া গেছে। উপজেলা ম্যাথিউড়া চা-বাগানে গলায় ফাঁস লাগিয়ে তারা আত্মহনন করেছে বলে স্থানীয়রা জানান। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে ১৬ আগস্ট রবিবার ভোর আনুমানিক ৬টায়।
রাজনগর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মৌলভীবাজারের রাজনগরে ১৬ আগস্ট রবিবার ভোর ৬টায় ম্যাথিউড়া চা-বাগানের কিছু শ্রমিক নিয়মিত কাজে বের হলে বাগানের ২০ নম্বর সেকশনের আকাশি টিলায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দুজনের লাশ দেখতে পায়।
তাৎক্ষনিক তারা বিষয়টি বাগানের ম্যানেজার জাফর ইকবাল কে জানালে তিনি রাজনগর থানা পুলিশকে জানান এবং স্থানীয় ইউপি সদস্য সত্যনারায়ণ নাইডুকে এব্যাপারে খোঁজ নিতে বলেন। খবর পেয়ে এসআই লোকমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে নিহত দুজনের পরিচয় শনাক্ত করা হয়। নিহত মঙ্গল বাউড়ি (৩৫) উপজেলার উদনা চা-বাগানের অমূল্য বাউড়ির ছেলে এবং একই বাগানের মৃত নিমাই বাউড়ির স্ত্রী তিন সন্তানের জননী বিনতা বাউড়ি (৩৩)। স্থানীয় সূত্রে আরো জানা যায় দুই বছর আগে বিনতা বাউড়ির স্বামী নিমাই বাউড়ি ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেলে স্ত্রী বিনতা বাউড়ির সাথে একই বাগানের মঙ্গল বাউড়ির মধ্যে সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায় তারা গত দেড়মাস আগে কোর্টের মাধ্যমে বিয়ে সম্পন্ন করে। উভয় বিবাহিত হওয়ায় বিষয়টি উভয়ের পরিবার মেনে নেয়নি তাই ১৬আগস্ট রবিবার ভোরে কোন এক সময় পাশ্ববর্তী ম্যাথিউড়া চা-বাগানে ২০ নম্বর সেকশনের আকাশি টিলায় নির্জন স্থানে উভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহনন করেছে বলে স্থানীয়দের ধারণা। এদিকে পুলিশ নিহত দুজনের মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে প্রেরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান ম্যাথিউড়া চা-বাগানের আকাশি টিলায় দুই চা-শ্রমিকের গলায় ফাঁস লাগানো অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উভয়ের মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন