মৌলভীবাজারে মিলাদ-কিয়াম নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা মডেল মসজিদে মিলাদ ও কিয়াম পালন এবং মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উদ্দেশ্যে ‘ইয়া নবী সালামু আলাইকা’ পাঠকে কেন্দ্র করে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ আগস্ট বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে আশেকে মোস্তফা (সা.) মৌলভীবাজার।
মানববন্ধনে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা মুসলমানদের ধর্মীয় অনুভূতির সঙ্গে গভীরভাবে জড়িত। মডেল মসজিদে মিলাদ ও কিয়াম পালন এবং ‘ইয়া নবী সালামু আলাইকা’ পাঠের মতো ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে কোনো ধরনের কটূক্তিমূলক বক্তব্য দেওয়া অনাকাঙ্ক্ষিত ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল।
তারা বলেন, ধর্মীয় কোনো বিষয়ে কারও ভিন্নমত থাকলে তা শালীন ও যুক্তিসংগতভাবে প্রকাশ করার সুযোগ রয়েছে। কিন্তু মতপার্থক্যের কারণে মহানবী (সা.) কিংবা কোনো ধর্মীয় আমল নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া উচিত নয়।
বক্তারা আরও বলেন, মৌলভীবাজার জেলা মডেল মসজিদ সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে সব শ্রেণির মুসল্লির ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রয়োজন। কোনো বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হলে তা আলোচনার মাধ্যমে সমাধানের পাশাপাশি অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
মানববন্ধন থেকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে মডেল মসজিদে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা মডেল মসজিদে মিলাদ ও কিয়াম পালনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে আলোচনা ও বিতর্ক চলছে। এরই ধারাবাহিকতায় আজকের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হাফিজ আবুল আলা মুজাহিদ, হাফিজ আব্দুর রশীদ, এমরুজ আহমদ, মাওলানা আব্দুল গফফার,মাওলানা মোজাহিদুল ইসলাম আজমী, ডা. মো. বুরহান উদ্দিন, মাওলানা মোস্তাফিজুর রহমান বকুল, সৈয়দ নুরুল ইসলাম আমিন, মাওলানা আব্দুর রাজ্জাক, ক্বারী আইয়ুব আলী, হাফিজ জিয়াউর রহমান, হাফিজ আব্দুল মুত্তালিব, হাফিজ ফরহাদ আহমদ, জাকির আহমদ জবলু, আশরাফুল ইসলাম, নুরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার নবীপ্রেমিক মুসল্লি ও ধর্মপ্রাণ জনতা।
মানববন্ধন শেষে হাফিজ মাওলানা মুজাম্মিল আহমদ মিলাদ পরিচালনা করেন। পরে হাফিজ আব্দুর রশীদ দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে শিরনি বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। মানববন্ধনে আশেকে মোস্তফা (সা.) মৌলভীবাজারের নেতৃবৃন্দ, নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন