একাদশের ভর্তিতে অতিরিক্ত ফি আরোপ না করতে কলেজ অধ্যক্ষের নিকট কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর ২৫ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিতে বর্ধিত ফি আরোপ না করা এবং দ্বাদশ সহ সকল বর্ষের আরোপিত বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন। অধ্যক্ষের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিক্ষক পরিষদ সম্পাদক জনাব তারেকুজ্জামান ভূঁইয়া। শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন রাজিব সূত্রধর, নাদিয়া আক্তার জুই, তাহসিনা জান্নাত, সালমা আক্তার, তাসনিম আলম শীর্ষ, সবুজ শর্মা, রাতুল রায়, অর্ণব রায়, কামরুন্নাহার মাহফুজা, তৃষা দেবনাথ, অর্ণব রায় প্রমুখ শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, মৌলভীবাজার সরকারি কলেজ জেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এই কলেজে বেশিরভাগ নিম্নআয়ের পরিবারের সন্তানরা পড়ালেখা করছেন। সেশন ফি, ভর্তি ফি সহ বিভিন্ন ধরনের ফি বৃদ্ধিতে বেশি সংখ্যক শিক্ষার্থীদের একাডেমিক জীবন অনিশ্চিত হয়ে পড়ে। যার ফলে পড়ালেখা, শ্রেণিকক্ষে উপস্থিত ও পরীক্ষার ফলাফলের ওপর মারাত্মক প্রভাব পরিলক্ষিত হয়। তাই কলেজের সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা নতুন শিক্ষাবর্ষে (২০২৬-২৭) একাদশ শ্রেণির ভর্তিতে বর্ধিত ফি আরোপ না করতে এবং দ্বাদশ সহ সকল বর্ষের ফি বৃদ্ধি প্রত্যাহারে জোর দাবি রাখছি। একইসাথে শিক্ষার গণতান্ত্রিক অধিকার সকল শিক্ষার্থীর জন্য নিশ্চিত করতে স্মারকলিপিতে উল্লেখিত বর্ধিত ফি প্রত্যাহারের দাবি বাস্তবায়নে আপনি যথেষ্ট উদ্যোগী হবেন বলে আমরা আশা রাখছি।



মন্তব্য করুন