লন্ডনে এম সাইফুর রহমানের ১৭তম মৃ/ত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ৭ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বিশ্বব্যাংক ও আইএমএফের বোর্ড অব গভর্নরসের সাবেক চেয়ারম্যান ও বরেণ্য রাজনীতিবিদ মরহুম এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে গুণীজনদের ‘এম সাইফুর রহমান স্মৃতি পদক’ প্রদান এবং তাঁর কর্মময় জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, যুক্তরাজ্যের উদ্যোগে আগামী ৭ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৫টায় লন্ডনের ট্রামশেড, ডিগবি স্ট্রিট, লন্ডন, ই২ ০এলএস-এ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে মরহুম এম সাইফুর রহমানের কর্মময় জীবন, দেশের অর্থনীতি ও রাজনীতিতে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে ‘এম সাইফুর রহমান স্মৃতি পদক’ তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের আলোকচিত্র নিয়ে বিশেষ প্রদর্শনীরও আয়োজন থাকবে।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, যুক্তরাজ্যের সভাপতি সাইদুর রহমান রেনু ও সাধারণ সম্পাদক মো. অদুদ আলম অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য, এম সাইফুর রহমান বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্বব্যাংক ও আইএমএফের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। তাঁর রাজনৈতিক ও কর্মময় জীবন স্মরণে দেশে-বিদেশে স্মরণসভা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে।



মন্তব্য করুন