কমলগঞ্জে ইসকে মুস্তফা মাহফিল অনুষ্ঠিত

September 12, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : পবিত্র বরকতময় ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসায় ইসকে মুস্তফা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১১ সেপ্টেম্বর বাদ এশা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন ও আদর্শের ওপর আলোচনা এবং দোয়া অনুষ্ঠিত হয়।

মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনাদর্শ, উত্তম চরিত্র, মানবতার প্রতি তাঁর ভালোবাসা এবং উম্মতের প্রতি তাঁর অনুপম দয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ ও তাঁর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার মধ্যেই রয়েছে ইহকাল ও পরকালের কল্যাণ।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী খন্দকার তোফায়েল আহমদ,  এলাকার প্রবীণ মুরব্বি আব্দুস সত্তার মিয়া, মাদ্রাসা কমিটির সদস্য মুহাম্মদ আবদুর রহমান, মুহাম্মদ জয়নাল মিয়া, মুহাম্মদ আবদুল বাছিত, মুহাম্মদ হিফজুর রহমান সিজিল, মুহাম্মদ দুরুদ মিয়া, মুহাম্মদ সায়েল আহমদ প্রমুখ।

এছাড়াও মাহফিলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন হযরত শাহ আজম (রহ.)-এর সুযোগ্য নাতি হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী। মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com