বড়লেখায় বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত

আজাদ বাহার জামালী : মৌলভীবাজারের বড়লেখায় এসআরএসপি প্রকল্পের আওতায় বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান বিষয়ক এক মহড়া অনুষ্ঠান রোববার ১৩ সেপ্টেম্বর টেকাহালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ-এর বাস্তবায়নে এবং বিশ্ব খাদ্য কর্মসূচি-র সহযোগিতায় এই জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া। বড়লেখা সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
মহড়া চলাকালীন আকস্মিক বন্যা মোকাবিলায় করণীয় বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়। এর মধ্যে ছিল দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া, গবাদিপশু রক্ষা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং আগাম সতর্কবার্তার সঠিক ব্যবহার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সাড়াদানের সক্ষমতা গড়ে তোলার মাধ্যমে মানুষের জানমাল রক্ষায় সম্মিলিত উদ্যোগই পারে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে।
বক্তারা দুর্যোগের ঝুঁকিপূর্ণ সময়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান। ‘প্রস্তুত থাকি, নিরাপদ থাকি, দুর্যোগ মোকাবিলায় সবাই একসাথে থাকি’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।



মন্তব্য করুন