কমলগঞ্জে প্রবাসীর প্রায় ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ব্র্যাক মাঠকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও বেসরকারি সংস্থা ব্র্যাকের এক মাঠকর্মীর বিরুদ্ধে ৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাত, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউসুফ মিয়া (৬০) নামে এক ব্যক্তি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ইউসুফ মিয়ার ছেলে জহির মিয়া সৌদি আরবে বসবাস করেন। তার স্ত্রী লাবলী বেগম একটি বেসরকারি সংস্থা ব্র্যাক থেকে ৪ লাখ টাকা ঋণ নেওয়ার সময় সংস্থাটির মাঠকর্মী মোকাব্বীর হোসেন (মামুন মিয়া)-এর সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, প্রবাসী জহির মিয়ার ঋণের ৪ লাখ টাকা এবং জমানো আরও ২ লাখ ৯০ হাজার টাকা—মোট ৬ লাখ ৯০ হাজার টাকা লাবলী বেগম ও মোকাব্বীর হোসেন যোগসাজশে আত্মসাত করেছেন। এছাড়া কথিত সম্পর্কের ভিডিও কলের স্ক্রিনশট প্রবাসী জহির মিয়ার মোবাইলে রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ১২ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে মোকাব্বীর হোসেন (মামুন মিয়া) ইউসুফ মিয়ার বাড়িতে গেলে তিনি টাকা আত্মসাত এবং তার পুত্রবধূর সঙ্গে কথিত সম্পর্কের বিষয়ে জানতে চান। এ সময় তাকে গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ইউসুফ মিয়া। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ইউসুফ মিয়া জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনকে অবহিত করার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়ে মোকাব্বীর হোসেন (মামুন মিয়া) বলেন, ব্র্যাকের ৪ লাখ টাকা ঋণের কিস্তি আনার জন্য তিনি প্রবাসীর শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। তার বিরুদ্ধে থানায় করা অভিযোগটি ‘বানোয়াট ও ভিত্তিহীন’ বলেও দাবি করেন তিনি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কমর উদ্দিন বলেন, অভিযোগে উল্লেখ করা অর্থ আত্মসাত, কথিত সম্পর্ক ও হুমকির বিষয়গুলো তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন