জুড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ

October 3, 2026,

জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩ অক্টোবর ৫ নং জায়ফরনগর ইউনিয়নের জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ শিবিরে পাঁচ-ছয় শতাধিক নারী-পুরুষ চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট শাখাওয়াত হোসাইনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত শিবিরটি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। এতে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের চোখ পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শিবিরে প্রায় ২০০ জন রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে। এছাড়া ছানিসহ বিভিন্ন জটিল চক্ষুরোগে আক্রান্ত ৫৮ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। অস্ত্রোপচারের পর প্রয়োজনীয় ফলোআপ চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।

শিবিরে ছানি রোগ শনাক্তকরণ, চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ, ছানি অস্ত্রোপচারের জন্য রোগী নির্বাচন, ওষুধ ও চশমা বিতরণসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল, মাতারকাপন, মৌলভীবাজার।

আয়োজকদের ভাষ্য, জুড়ী উপজেলায় এটি ছিল চতুর্থ বিনামূল্যের চক্ষু চিকিৎসা শিবির। প্রত্যন্ত এলাকার অসচ্ছল মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, অর্থনৈতিক সংকট ও দূরত্বের কারণে অনেকেই নিয়মিত চক্ষু চিকিৎসা নিতে পারেন না। একই স্থানে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ওষুধ, চশমা এবং প্রয়োজনীয় অস্ত্রোপচারের সুযোগ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।

অ্যাডভোকেট শাখাওয়াত হোসাইন বলেন, “প্রত্যন্ত এলাকার মানুষ যাতে সহজে প্রয়োজনীয় চক্ষু চিকিৎসাসেবা পান, সেটিই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অর্থের অভাবে কোনো মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।”

শিবিরে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com