বড়লেখার অটোরিকশা কুলাউড়ায় চুরি, উদ্ধারে পুলিশের রহস্যজনক ভুমিকার প্রতিবাদে মানববন্ধন

আব্দুর রব : বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণবাজার সিএনজি স্ট্যান্ডের নিয়মিত চালক ও মালিক কামরুল ইসলামের সিএনজি চালিত অটোরিকশা কুলাউড়া রেলস্টেশন থেকে গত ১৮ অক্টোবর রাতে চুরি হয়ে যায়। ফিলিং স্টেশন পর্যন্ত পিছু নিয়েও ধরা যায়নি চোরচক্রকে।
তাৎক্ষনিক কুলাউড়া থানা পুলিশকে ঘটনাটি অবহিত, চোরদের তথ্য প্রদান ও সিসি ক্যামেরা ফোটেজ দেওয়া সত্ত্বেও ঘটনার ১৮ দিনেও তা উদ্ধারে পুলিশের রহস্যজনক নিষ্ক্রিয়তার প্রতিবাদে মৌলভীবাজার জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ২৩৫৯ এর আওতাধীন বড়লেখা ও জুড়ী উপজেলার সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকেলে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে প্রধান সড়কের পাশে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আগামি ২৪ ঘন্টার মধ্যে কুলাউড়া থানা পুলিশ চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার ও চোরচক্রকে গ্রেফতার করে আইনের আওতায় না আনলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার আল্টিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিক নেতারা। তারা বলেন, বড়লেখা ও জুড়ী থেকে ইতিপূর্বে যত সিএনজি-অটোরিকশা চুরি হয়েছে তার অন্যতম প্রধান সিন্ডিকেট চক্র কুলাউড়ার। পুলিশের সাথে এসব চোরচক্রের আঁতাত রয়েছে বলেই পুলিশ তাৎক্ষনিক উদ্ধার তৎপরতা চালাইয়নি। এখনও ভুক্তভোগি পুলিশের কাছ থেকে সন্তোষজনক সহযোগিতা পাচ্ছেন না।
দক্ষিণভাগ দক্ষিণবাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি মো. শাহজাহান ইঞ্জিনিয়ারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ ও মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আমিনুল হক, বড়লেখা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইসলাম উদ্দিন, জুড়ী উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুক আহমদ, বড়লেখা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, শ্রমিক নেতা সবুজ আহমদ, ভুক্তভোগি কামরুল ইসলাম, শ্রমিক নেতা ফয়সল আহমদ, নজির আহমদ, সোহেল আহমদ বটল প্রমুখ।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, চুরির ঘটনার পরই সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার, চোর শনাক্ত ও গ্রেফতারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।



মন্তব্য করুন