কমলগঞ্জে কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা

September 12, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার লিখিত অভিযোগে বখাটের নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজাল খাদ্য সামগ্রী রাখার দায়ে বখাটে ছেলের বাবার দোকানের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সাজেদা বেগম (রোজী) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উত্যক্ত করার অভিযোগ করে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী আবুল কালামের মেয়ে সাজেদা বেগম (রোজী) নিয়মিত কলেজে যাতায়াতকালে শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামের হারুন মিয়া ওরফে লুন্দুর মিয়ার ছেলে রাহেল মিয়া (২৪) উত্যক্ত করে। সম্প্রতি সাজেদা বেগম কলেজ থেকে বাসায় ফিরার পথে বাসার অদূরে রাস্তায় একা পেয়ে উত্যক্ত করে ঝাপটে ধরে। উত্যক্তকারীর সাথীরা আবার ঝাপটে ধরার দৃশ্য ধারণ করে ফেইসবুকে একটি আইডিতে প্রচার করে। এ অভিযোগের প্রেক্ষিতে সোমবার বেলা আড়াইটায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্ত রাহেল মিয়ার বাড়ি আসলে অভিযান টের পেয়ে সে পালিয়ে যায়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক অভিযুক্তের বাবার ব্যবসা প্রতিষ্ঠান তিন ভাই ফুডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাউকে না পেয়ে ভেজাল খাদ্য সামগ্রী রাস্তায় ফেলে নষ্ট করে দোকানটি সিলগালা করেন। দ্রুত অভিযুক্ত ছেলেকে নিয়ে বাবা হারুন মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে যেতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশনা দেন তিনি।
বেলা সাড়ে চারটায় ওয়ার্ড ইউপি সদস্য হাফিজুল হক চৌধুরী অভিযুক্ত বখাটে রাহেল মিয়া, তার বাবা হারুন মিয়াকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী দোকানে রাখার দায়ে তিন ভাই বেঙ্গল ফুডের নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন। আর বখাটে রাহেল মিয়কে জিজ্ঞাসাবাদকালে ছাত্রীকে উত্যক্ত করার স্বীকারোক্তি পেয়ে সে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গিকার করে। ছাত্রী উত্যেক্তের দায়ে প্রাথমিক শাস্তি হিসাবেও বখাটে রাহেল মিয়ার নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ছেলে রাহেল মিয়ার আচরণে ক্ষোব্দ বাবা হারুন মিয়া বলেন, তিনি আজ ছেলের কারণে লজ্বিত। ভবিষ্যতে ছেলে এ ধরনের ঘটনা ঘটালে তার কঠোর শাস্তি দেওয়া হবে বলে তিনি জানান।
তবে বখাটের শাস্তি সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে অভিযোগকারী কলেজ ছাত্রী সাজেদা বেগম মুঠোফোনে বলেন, আসলে বখাটের শাস্তি কম হয়ে গেছে। এর আগেও অন্যান্য ছাত্রীদের উত্যক্ত করার দায়ে রাহেল মিয়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটাবে না বলে থানায় অঙ্গিকারনামা দিয়েছিল। তার পরও এখনও সে এসব কাজ করছে। ছাত্রীটি আশঙ্কা প্রকাশ করে বলেন, বখাটে রাহেল মিয়া আরও বড় ধরনের ঘটনা ঘটাবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলের বয়স বিবেচনায় প্রাথমিক শাস্তি হিসাবে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখার দায়ের বখাটে ছেলের বাবারে দোকানের নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com