বড়লেখায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলে ছাত্রলীগের বাঁধা

October 11, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে বাঁধা দিয়েছে ছাত্রলীগ।
১০ অক্টোবর মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাজী সেলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের ডাকবাংলো থেকে বের হয়ে মসজিদ মার্কেটের সামনে পৌছলে ছাত্রলীগ নেতাকর্মীদের বাঁধার মুখে পড়ে। পরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের উত্তর চৌমুহনার দিকে চলে যায়। মিছিলে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম সম্পদিক সাবেক পৌর মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, যুবদল নেতা সাইফুল ইসলাম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জামান খালেদ, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জামান খালেদ, সাবেক ছাত্রদল নেতা জুয়েল আহমদ, নাদের আহমদ প্রমুখ।
ঘটনার পর পর ছাত্রলীগ নেতাকর্মীরা পৌরশহরে মিছিল বের করে। মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ শেষে পথ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছালেহ আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম তানিম, ভারপ্রাপ্ত সম্পাদক ফরহাদ আহমদ, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রব বাবু প্রমুখ।
সাবেক পৌর মেয়র ফখরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে একটি মিছিল বের করে। একই সময় ছাত্রলীগও মিছিল দিচ্ছিল। এ কারণে আমরা মিছিলটি ঘুরিয়ে উত্তর চৌমুনীর দিকে নিয়ে যাই। তবে ছাত্রলীগের সাথে আমাদের কোন ঝামেলা হয়নি।’
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছালেহ আহমদ জুয়েল বলেন, ‘ মৌলভীবাজারে দলীয় অভ্যন্তরীণ বিরোধ ও প্রভাব বিস্তরকে কেন্দ্র করে নিজ দলের কতিপয় সন্ত্রাসী হামলা মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী আহত হন। এই ঘটনায় জেলার কোথাও কোন কর্মসূচি নেই। কিন্তু বড়লেখায় যুবলীগ সভাপতি ও সম্পাদকের দুর্বলতার সুযোগে বিএনপি প্রতিদিন কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করছে। তাই ছাত্রলীগ নেতা কর্মীরা তাদের মিছিল প্রতিহত করেছে।’
থানার পরিদর্শক (তদন্ত) দেব দুলাল ধর বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কোন ঝামেলা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com