বড়লেখায় ২ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার ৫ দিন আগে উদ্ধার হয় গৃহবধুর ঝুলন্ত লাশ

October 17, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় শাহিন আহমদ (২৫) নামে ২ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ১৬ অক্টোবর রাত আড়াইটায় সদর ইউনিয়নের উত্তর ডিমাই গ্রামের একটি টিলার আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহিন ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে (নম্বর ২০)। এর মাত্র ৫ দিন আগে পুলিশ শয়নকক্ষ থেকে রেশমা বেগম নামে ত্রিশোর্ধ এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত রেশমা উপজেলার দাসেরবাজার ইউপির শংকরপুর গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে নয়টার দিকে শাহিন ঘর থেকে বের হন। এরপর ঘরে না ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত আনুমানিক পৌনে ১১টার দিকে বাড়ির দক্ষিণ পাশের টিলার আম গাছে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে পাওয়া যায়। রাতেই স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। এসআই অমিতাভ দাস তালুকদার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর জানান, ‘শাহিন বেকার ছিলেন। তার শ্বশুড় বাড়ি কুমিল্লায়। সেখানে বেশিরভাগ সময় থাকতেন। ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com