কমলগঞ্জে অঝোর ধারায় বৃষ্টিতে জনজীবন অচল

October 22, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে শুক্রবার ভোর থেকে শনিবার সারাদিন অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। এতে সাধারণ জনগণ ও স্কুলগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।
২০ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার পর্যন্ত শ্রীমঙ্গল আবহাওয়া অফিস গড় বৃষ্টিপাত রেকর্ড করেছে ৩৭ মিলিমিটার। টানা বৃষ্টিতে দিনমজুর, চা শ্রমিকসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। শনিবার কাকভেজা হয়ে স্কুল-কলেজে যেতে দেখা গেছে শিক্ষার্থীদের। ¤্রমিকরা পলিথিন মাথায় করে কাজের সন্ধানে সকালে ঘর থেকে বের হয়েছেন। চা বাগানের অনেক শ্রমিকরা কাজে যোগ দিতে পারেননি। অতিবৃষ্টিতে জোঁকের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় তারা কাজে যেতে পারেননি বলে জানান অনেকে।
বৃষ্টির কারণে রাস্তাঘাট প্রায় ফাঁকা। খুব প্রয়োজন ছাড়া তেমন কেউ বের হচ্ছেন না। কাঁচা বাজারে তেমন শাক সবজিও উঠেনি। সড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থীদের। অনেককে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি যেতে দেখা গেছে। টানা বৃষ্টির কারণে কমলগঞ্জের ধলাই, লাঘাটাসহ সবকটি নদ নদীর পানি কিছুটা বেড়েছে।
মুন্সীবাজারের রিক্সাচালক হবি শব্দকর জানান, সারাদিন রিকশা চালিয়ে চালের টাকা হয় না, অন্যদিকে মালিকের ভাড়া গুণতে হয়। অবিরাম বৃষ্টির জন্য কেউ ঘর থেকে বের হতে চায় না। শমশেরনগর বাজারের নাসিফ কম্পিউটার্সের স্বত্তাধিকারী নুরুল মোহাইমীন মিল্টন বলেন, বৃষ্টির কারণে ব্যবসা বাণিজ্য মান্দা ছিল। তাছাড়া দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় কোন কাজকর্ম হয়নি।
শমশেরনগর রহিম ম্যানশনের ব্যবসায়ী আল মদিনা অটো পার্সের সত্তাধিকারী রফিক মিয়া জানান, দুই দিনের প্রবল বর্ষণের কারণে বাজারে লোকজন নেই বললেই চলে। এ কারণে ব্যবসা প্রতিষ্ঠানে লোকজনের উপস্থিতি নেই বললেই চলে। শুক্র ও শনিবারের বর্ষণে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছে বলে জানান তিনি।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিছুর রহমান বলেন, শনিবার দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৭ মিলিমিটার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com