কমলগঞ্জে এতিম, অসহায় কিশোরীর জায়গা দখলের অভিযোগ ॥ মারপিট

October 22, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামে এক অসহায় কিশোরীর জায়গা দখল, শ্লীলতাহানী ও মারপিট করার অভিযোগ উঠেছে। ভোক্তভোগী কিশোরী সুরজান বেগম এ বিষয়ে ন্যায় বিচার চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলন করেছেন।
সুরজান বেগমের অভিযোগ ও স্থানীয় ভাবে খোঁজ নিয়ে জানা যায়, পিতা মাতাহীন অবস্থায় সুরজান বেগম ছোট্র এক ভাইকে নিয়ে কোন রকম জরাজীর্ন ঘরে বসবাস করছেন। এমতাবস্থায় তার পৈতৃক ৯ শতক জায়গার উপর পাশের ঘরের চাচা মিছির মিয়ার লোভ হয়। এক পর্যায় মিছির মিয়া জোর পূর্বক ১ শতক জায়গা দখল করে নেয়। এ নিয়ে বিভিন্ন সময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৌলভীবাজারের পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তÍরে তিনি অভিযোগ করেন। বর্তমানে মিছির মিয়া আরও ২শতক জায়গা দখল করার অপচেষ্টা করছে। এ নিয়ে মৌলভীবাজার পুলিশ সুপারের নিকট একটি অভিযোগ দিলে কমলগঞ্জ থানার এস আই কৃষ্ণ মোহন বিষয়টি তদন্ত করে সুরজানদের জায়গা নিয়ে অযথা বাড়াবাড়ি না করতে মিছির মিয়াকে সতর্ক করেন।
১১ অক্টোবর সন্ধ্যার পর মিছির মিয়া তার ছেলে ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান শিবলু, অপর ছেলে শিবির মিয়া ও চাচা উম্মর মিয়াকে সাথে নিয়ে সুরজান বেগমকে গালি গালাজ এবং প্রাণে হত্যার হুমকি দেয়। রাত সাড়ে ১১ টার দিকে মিছির, শিবির, শিবলু, উম্মর, হাছন, শাওন মিয়াসহ অন্যান্যরা দা, লোহার রড়, লাঠি, ঝাঠা নিয়ে জোরপূর্বক সুরজান বেগমের ঘরে প্রবেশ করে সুরজান বেগম ও তার ছোট ভাই উজ্জলকে মারধোর শুরু করে। তখন তাদের চিৎকারে রাস্তা দিয়া যাওয়া অবস্থায় উপজেলা চৌমুহনীর ছায়েম এগিয়ে আসলে আক্রমনকারীরা সায়েমসহ উজ্জ্বল ও সুরজানকে মারপিট করে। হামলাকারীদের আঘাতে সায়েম ও উজ্জ্বল শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। খবর পেয়ে কমলগঞ্জ থানার এস আই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। আহতরা কমলগঞ্জ হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। এ ঘটনায় সুরজান বেগম কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদ সম্মেলনে সুরজান বেগম বলেন, ঘটনার রাতে মিজানুর রহমান শিবলু তার শ্লীলতাহানীর চেষ্টা করে। তিনি নিজেকে অসহায় এতিম উল্লেখ করে ন্যায় বিচার দাবী করেন। অভিযোগ বিষয়ে শিবলু মিয়া বলেন, এলাকার লোকজন মহিলাকে অসামাজিক কাজে সম্পৃক্ত পেয়ে মারধোর করেছে। মারধোরের সাথে আমাদের কোন সম্পর্ক নেই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com