বড়লেখায় দুর্বৃত্তরা কেটে ফেললো বাগানের ৪ সহস্রাধিক চা গাছের চারা

November 5, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার কেরামতনগর চা বাগানের ৪ সহস্রাধিক চা গাছের চারা শনিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে ফেলেছে।
৫ নভেম্বর রোববার সকালে শ্রমিকেরা বাগানে গিয়ে ঘটনাটি দেখতে পায়। চারা কাটার ঘটনায় চা বাগানের লক্ষীছড়া ডিভিশনের ম্যানেজার আমিরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
চা বাগান সূত্রে জানা গেছে, কেরামতনগর চা বাগানের লক্ষীছড়া ডিভিশনের ১৯নং সেকশনের অন্তত ৪ সহ¯্রাধিক চায়ের চারা গাছ শনিবার (০৪ নভেম্বর) দিবাগত রাত থেকে রোববার (০৫ নভেম্বর) ভোররাতের মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা কেটে ফেলে। ২০১৬ সালে চারাগাছগুলো রোপন করা হয়েছিল। রোববার সকালে চা গাছের পরিচর্চা করতে গিয়ে শ্রমিকেরা চারা গাছ কাটার দৃশ্য প্রত্যক্ষ করেন। পরে তারা ঘটনাটি লক্ষীছড়া ডিভিশনের ম্যানেজারকে অবহিত করেন। খবর পেয়ে কেরামতনগর চা বাগানের ব্যবস্থাপক আজরাফ আহমদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, চা বাগানের ১৯নং সেকশনের টিলার চারার গোড়া কেটে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে সম্পূর্ণ চারা নষ্ট হয়ে গেছে।
বাগানের ব্যবস্থাপক আজরাফ আহমদ চৌধুরী জানান, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা চায়ের চারাগুলো কেটে ফেলে। সকালে শ্রমিকরা কাজে গিয়ে বিষয়টি দেখে আমাদেরকে জানায়। এতে ৪ হাজার চারা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। রোববার দুপুরে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান অভিযোগ প্রাপ্তি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দেয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com