শমশেরনগরে বাংলাদেশ বিমান বাহিনীর নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

November 23, 2017,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি,এনডিসি, এসিএসিসি বলেছেন, রিক্রুটদেরকে সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে বিমান বাহিনীর যোগ্য বিমান সেনা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহবান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, তারা অকৃত্রিম দেশ প্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে। তিনি ২৩ নভেম্বর বৃহষ্পতিবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত রিক্রুটস ট্রেনিং স্কুল (আরটিএস)-এ বাংলাদেশ বিমান বাহিনীর ৪৫তম বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চপাস্টের অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন।

এ কুচকাওয়াজের মধ্য দিয়ে আজ মোট ৬১৬ জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অর্ন্তভুক্ত হলো। তাদের মধ্যে এসি-২ মোঃ মনিরুজ্জামান মনির এবং এসি-২ আশিকুর রহমান যথাক্রমে শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিং এ সেরা রিক্রুট বিবেচিত হন। এসি-২ সুব্রত চন্দ্র দাস সার্বিক বিষয়ে নৈপুণ্যের জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হওয়ার গৌরব অর্জন করেন। এর আগে বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, ওএসপি, জিইউপি,এনডিইউ, পিএসসি এবং রিক্রুটস ট্রেনিং স্কুলের অধিনায়ক উইং কমান্ডার মকবুল আহমেদ, এএফডব্লিউসি, পিএসসি তাকে স্বাগত জানান।
কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ, বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সামরিক ও বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রিক্রুটদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com