বড়লেখা উপজেলা যুবলীগের সম্মেলনের ১ বছরেও পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়নি পদপ্রত্যাশীদের মাঝে চাপা ক্ষোভ ও হতাশা বিরাজ করছে

আবদুর রব্॥ সম্মেলনের ১ বছর পার হলেও বড়লেখা উপজেলা যুবলীগের পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়নি। এতে দলে পদ প্রত্যাশী নেতাকর্মীর মাঝে চাপা ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সম্প্রতি বড়লেখা পৌরশহরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের র্যালিতে দুইটি গ্রুপের সংঘর্ষের ঘটনার পিছনে পুর্ণাঙ্গ কমিটি না হওয়াকেই অনেকে দায়ী করছেন। দ্রুত কমিটি পূর্নাঙ্গ না হলে সাংগঠনিক কর্মকান্ডে স্থবিরতা ছাড়াও বড় ধরণের সংঘর্ষের আশংকা করছেন তৃণমূল নেতাকর্মীরা। অবশ্য দলের একটি সূত্র জানিয়েছে শীঘ্রই বড়লেখা উপজেলা যুবলীগের কমিটি পূর্নাঙ্গ করে তা অনুমোদনের জন্য জেলায় প্রেরণ করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৩ বছর পর ২০১৬ সালের ২৯ নভেম্বর বড়লেখা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বড়লেখা পৌরশহরের আহমদ ম্যানশনের সম্মুখে সম্মেলনের উদ্বোধন করেন তৎকালিন জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান পৌরসভার মেয়র ফজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ সদস্য শাহাব উদ্দিন প্রমুখ। ওইদিন রাতে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মুহাম্মদ তাজ উদ্দিন সভাপতি ও কামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর একবছর পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে কমিটি আর পূর্নাঙ্গ হয়নি। অথচ সম্মেলনের পর শীঘ্রই কমিটি পূর্নাঙ্গ করে অনুমোদন দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন জেলা যুবীলগের নেতৃবৃন্দ। কিন্তু সম্মেলনের এক বছরেও কমিটি পূর্নাঙ্গ না হওয়ায় দলের পদপ্রত্যাশীরা হতাশ।
নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের তৃণমুলের কয়েকজন নেতা জানান, উপজেলা যুবলীগের কমিটি দ্রুত পূর্নাঙ্গ করা হলে রাজনীতির মাঠে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে যুবলীগ। তা না হলে সাংগঠনিক কাজে স্থবিরতা দেখা দেবে। সম্প্রতি যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে দুই গ্রুপের সংঘর্ষের পিছনেও পুর্নাঙ্গ কমিটি না হওযা প্রধান কারণ বলে তারা মনে করেন। এর জের ধরে যুবলীগের দুই গ্রুপের মধ্যে বড় ধরণের সংঘর্ষের আশংকা রয়েছে।
এ ব্যাপারে বড়লেখা উপজেলা যুবলীগের সভাপতি মুহাম্মদ তাজ উদ্দিন জানান, ইতিমধ্যে কমিটি পূর্নাঙ্গ করে অনুমোদনের জন্য জেলা নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি মো. নাহিদ আহমদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, চলিত সপ্তাহে কমিটি পূর্নাঙ্গ করে অনুমোদন দেয়া হবে।



মন্তব্য করুন