তীব্র জলাবদ্ধতা ও অকাল বন্যা রোধে যুগান্তকারী পদক্ষেপ : বড়লেখায় নিকুড়ি ছড়া পুণঃখনন কাজের উদ্বোধন

December 16, 2017,

আবদুর রব॥ বড়লেখা পৌরসভার উত্তরে ষাটমাছড়া ও দক্ষিণ সীমান্তের নিকুড়ি ছড়া নিরাপত্তা প্রাচীর হিসেবে শহরকে আগলেও রাখলেও ছড়া দুইটি জবর দখল ও ভরাট হওয়ায় প্রায় ১ যুগ ধরে পৌরবাসীর জন্য অভিশাপে পরিণত হয়েছে। ভারী বৃষ্টিপাতে পৌরশহর ও উজানের গ্রামগুলো ও পাহাড়ি ঢলের পানি নিষ্কাষণের প্রধান মাধ্যম ছড়া দুইটি পানি ধারণ করতে না পারায় বছরে ৩-৪ বার পৌরশহর প্লাবিত করায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঘরবাড়ি, দোকানপাঠ, রাস্তাঘাট নিমজ্জিত হয়ে বছরে অন্তত ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়। অবশেষে পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর তৎপরতায় বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) পৌরশহরের দক্ষিণাংশের জলাবদ্ধতা ও অকাল বন্যার প্রধান কারণ নিকুড়ি ছড়ার ৪ কিলোমিটার এলাকা পুণঃখননের উদ্যোগে নিয়েছে। এতে ব্যয় হবে ৬০ লাখ টাকা। এর আগে ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদ ছড়ার পাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে নিকুড়ি ছড়া পুণঃখনন কাজের উদ্বোধন করেন।

পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে ও প্যানেল মেয়র তাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদ, ওসি মোহাম্মদ সহিদুর রহমান, বিএডিসি’র সহকারী প্রকৌশলী মোহাম্মদ আরিফুল হক, উপ-সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, এনাম উদ্দিন, পৌর কাউন্সিলার আলী আহমদ চৌধুরী জাহিদ, আবদুল মতিন, আ’লীগ নেতা আব্দুল মোক্তাদির সওদাগর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল আহমদ প্রমূখ।

 বিএডিসি’র সহকারী প্রকৌশলী মোহাম্মদ আরিফুল হক জানান, সিলেট বিভাগ ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় নিকড়িছড়া পুণঃখনন কাজ চলছে। চলিত অর্থ বছরের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের ওয়ার্ক অর্ডার দেয়া হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে। পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে শুধু পৌরশহরের নয়, পানিধার, মুছেগুল, উত্তরভাগসহ উজানের গ্রামগুলোর অকাল বন্যা ও তীব্র জলাবদ্ধতার অনেকটা অবসান ঘটবে। ছড়ার উভয় পাড়ের ৫ শতাধিক হেক্টর পতিত জমি আসবে কৃষির আওতায় এবং খননকৃত মাটির বাধ রাস্তা হিসেবে কৃষক ও এলাকাবাসী যাতায়াত করে ব্যাপক উপকৃত হবে। এছাড়া পুণঃখননকৃত দীর্ঘ ৪ কিলোমিটার গভীর ছড়ায় মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে। এতে এলাকার আর্তসামাজিক অবস্থারও উন্নয়ন ঘটবে।    

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com