বড়লেখা সেটেলমেন্ট অফিসের সেই ঘুষখোর পেশকার স্ট্যান্ডরিলিজ

আব্দুর রব॥ বড়লেখা সহকারী সেটেলমেন্ট অফিসের সেই ঘুষখোর পেশকার গোলাম মোস্তফা কামালকে শাস্তিমুলক ব্যবস্থা স্বরূপ কর্তৃপক্ষ ৩১ ডিসেম্বর স্ট্যান্ড রিলিজ করেছেন। ২৭ ডিসেম্বর ‘বড়লেখা সেটেলমেন্ট অফিসে ঘুষ বাণিজ্য-চা পানির জন্য প্রতি পর্চা ২০০ টাকা!’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হলে সেটেলমেন্ট অধিদপ্তরের টনক নড়ে। সিলেট যোনাল সেটেলমেন্ট অফিসার জাকির হোসেন দুর্নীতিবাজ পেশকার গোলাম মোস্তফাকে স্ট্যান্ড রিলিজ করেন। গত সোমবার তার স্থলাবিষিক্ত করা হয়েছে কুলাউড়া সহকারী সেটেলমেন্ট অফিসের পেশকার জাহাঙ্গির আলমকে।
জানা গেছে, বড়লেখা সহকারী সেটেলমেন্ট অফিসে ঘুষের হাট বসিয়ে প্রতিটি ছাপা খতিয়ান পর্চা ২০০-২৫০ টাকা এবং মৌজা ম্যাপ ৭০০-৮০০ টাকায় বিক্রি করতেন পেশকার গোলাম মোস্তাফা কামাল। যদিও ভুমি মালিকদের সুবিধার্থে পর্চা বন্টনের তারিখ ও প্রতিটি পর্চার মূল্য ১০০ টাকা ও মৌজা ম্যাপ ৫০০ টাকা উল্লেখ করে অফিসের দেয়ালে নোটিশ টানানো ছিল।
সিলেট যোনাল সেটেলমেন্ট অফিসার জাকির হোসেন জানান, পেশকার গোলাম মোস্তফা কামালের বিরুদ্ধে দৈনিক যুগান্তরে ঘুষ দুর্নীতির সংবাদ প্রকাশিত হলে অত্যন্ত গুরুত্বের সাথে তা আমলে নেয়া হয়। সংবাদের সত্যতা পাওয়ায় ৩১ ডিসেম্বর তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।



মন্তব্য করুন