জুড়ীতে প্রাইভেট কারে ১৩১ বোতল  ভারতীয় অবৈধ মদ, আটক ৫

October 13, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বিজিবি ৫২ ব্যাটালিয়নের আওতাধীন জুড়ী উপজেলার শিলুয়া বিওপি’র টহল দল বিভিন্ন ব্রান্ডের ১৩১ বোতল ভারতীয় অবৈধ মদবাহী প্রাইভেট কারসহ ৫ ব্যক্তিকে আটক করেছে। এরা হচ্ছে শ্রীমঙ্গলের শরণ রবি দাস, অজয় রবি দাস, ইসমাইল হোসেন, জুড়ীর নেপল রবি দাস ও চম্পা রাণী দাস। বিজিবি শিলুয়া ক্যাম্পের হাবিলদার মহসিন হাওলাদার এব্যাপারে চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় মামলা করেছেন। শনিবার দুপুরে পুলিশ আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সুত্রে জানা গেছে, বিজিবি শিলুয়া বিওপি’র টহল দল শুক্রবার বিকেলে সীমান্তের ১২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে শিলুয়া গ্রামের বটতলা পাকা রাস্তার মোড়ে দ্রুতগামী একটি প্রাইভেট কারের পিছু ধাওয়া করে। আটকের পরে তল্লাশী চালিয়ে প্রাইভেট কারের ভেতর থেকে বিভিন্ন ব্যন্ডের অবৈধ ১৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং প্রাইভেট কার ও এক নারীসহ ৫ ব্যক্তিকে আটক করে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাইভেট কার ও অবৈধ মাদকসহ আটকদের জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

জুড়ী থানার ওসি জাহাঙ্গির আলম সরদার জানান, শিলুয়া বিজিবি’র হাবিলদার মহসিন হাওলাদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন। এ মামলায় শনিবার দুপুরে নারীসহ আটক ৫ ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com