বিরোধী দলের শিক্ষকরাই প্রশ্নপত্র ফাঁস করে তামাশা দেখে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

কুলাউড়া প্রতিনিধি॥ সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্দুল কুদ্দুছ বলেছেন- অ্যালুমিনিয়ামের তৈরি ফয়েল পেপারের বিশেষ নিরাপত্তা-প্যাকেটে এসএসসি প্রশ্নপত্র দেয়া হচ্ছে পরীক্ষা সেন্টারে। যাতে ট্রেজারি বা ব্যাংকের ভল্ট থেকে কেন্দ্রে নেয়ার পথে কেউ প্রশ্নের প্যাকেট খুললে সহজেই ধরা পড়বে। তবুও সংবাদ মাধ্যমে দেখা গেছে প্রশ্নপ্রত্র ফাঁস হয়েছে। সরকার বিরোধী দলের সমর্থিত শিক্ষকরাই এ কাজ করে তামাশা দেখতে চায়। তবে আমরা চাই ভালোয় ভালোয় পরীক্ষা সম্পন্ন করতে।
সোমবার ৪ ফেব্র“য়ারি দুপুর ২টায় কুলাউড়া উপজেলার ভাটেরা স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন- ‘অ্যালুমিনিয়ামের তৈরি ফয়েল পেপারের লেখা যায় না, বুঝা যায়। তাই অনেক সেন্টারে উল্টা-পাল্টা প্রশ্ন দেয়া হয়েছে তবে দ্রুত ৫/১০ মিনিটের মধ্যে আমরা ঠিক করে নিয়েছি। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন-‘বড় হতে হলে, বড় করে স্বপ্ন দেখতে হবে। তোমাদের হাত ধরে ২০৪১ সালের একটি উন্নত রাষ্ট্রে উন্নীত হবে এ সোনার দেশ। তোমরাই আগামী দিনের চালিকা শক্তি। তোমাদের দিকে চেয়ে আছে দেশ এবং জাতি।’
সরকারের নানা সফলতা তুলে ধরে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান শিক্ষার্থীদের বলেন –‘লক্ষ্য অর্জনের জন্য বইয়ের পাতা উল্টালে হবে না। আগে ঠিক করতে হবে তোমার লক্ষ্য কি, কি হতে চাও তুমি। এ জন্য দরকার হবে স্বপ্ন দেখা। সেটা কিন্তু দিবা স্বপ্ন হলে হবে না। কর্ম প্রচেষ্টা ছাড়া স্বপ্ন বাস্তবায়ন হবে না। উদ্দেশ্য ঠিক করে উদ্দেশ্য সাধনের জন্য কর্মকান্ড চালালেই লক্ষ্য পৌঁছানো সম্ভব।’
মেয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন- সবক্ষেত্রে নারীর অবস্থান সৃদৃঢ়। শুধু পড়া শোনা করে প্রতিষ্ঠিত হওয়া যায় তা না, খেলাধুলা করেও প্রতিষ্ঠা লাভ করা যায়।’শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করার আহবান জানিয়ে শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রফেসর মোঃ আব্দুল কুদ্দছ বলেন- ‘জিপিএ-৫ এর পেছনে শিক্ষার্থীদের উপর ঢেলে দেওয়া যাবে না। ছেলে-মেয়েদের উপর পড়াশুনা চাপিয়ে দেওয়া চলবে না। বর্তমান শিক্ষা ব্যবস্থা আর আগের মত আর নেই। তাই সে যা করতে চায় সেই কাজে উৎসাহিত করবেন। আর ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়াও অনান্য অনেক বিষয় আছে যা অনেক সম্মান জনক।’
ভাটেরা স্কুল এন্ড কলেজের গভর্ণিংবডির সভাপতি ও কুলাউড়া উপজেলার পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলামের সভাপতিত্বে ও কলেজ শাখার শিক্ষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক ও কল্লোল দাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। এছাড়া বক্তব্য রাখেন বরমচাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, ভাটেরা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মালিক, সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম তালুকদার, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হামিদ খান। অনুষ্ঠানে কলেজের গভর্ণিংবডির সদস্য ও অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন