কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু প্রতিবাদে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের মানববন্ধন

March 24, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ব্যস্ততম চৌমুহনী এলাকায় সিএনজি চালিত অটো রিক্সার ধাক্কায় সুমন আহমদ (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

২৪ মার্চ  রোববার দুপুর ১২টায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমন শ্রীমঙ্গল সরকারী কলেজের বিএসএস শেষ বর্ষের ছাত্র এবং রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বাদে করিমপুর গ্রামের বাবুল মিয়ার বড় ছেলে। মৃত্যুর সংবাদে পরিবারে চলছে শোকের মাতম। এ দিকে কলেজ ছাত্র সুমনের মমার্ন্তিক মৃত্যুর খবরে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ ময়না চত্বরে তার সহপাঠি ও বিক্ষোদ্ধ ছাত্ররা সুমনের হত্যাকারী সিএনজির চালক ও গাড়ি আটকের বিচার চেয়ে বিকাল ৫টায় মানববন্ধন করে।

নিহতের স্বজনরা জানিয়েছে, রোববার সকালে সুমন তার বাবা বাবুল মিয়ার সাথে মৌলভীবাজারে যাবার জন্য বাড়ি হতে বের হয়। দুপুর ১২টায় উপজেলা চৌমুহনী এলাকা আসলে বাবা বাবুল মিয়া ছেলে সুমন মিয়াকে জরুরী একটি কাগজ আনতে বাড়িতে পাঠালে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চৌমুহনা এলাকায় পায়ে হেঁটে যাবার সময় মৌলভীবাজারগামী একটি সিএনজি (মৌলভীবাজার-থ-১২৬৪৩০) পিছন থেকে তাকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখান হতে কর্তব্যরত ডাক্তার তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রের্ফাড করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে রাস্থায় সুমনের মৃত্যু হয়।

এ দিকে কলেজ ছাত্র সুমনের মর্মান্তিক মৃত্যুর  খবরে কমলগঞ্জে তারসহপাঠি ও ছাত্ররা বিক্ষোদ্ধ হয়ে উঠে। নিহত সুমনের হত্যাকারী সিএনজির চালক ও গাড়ি আটকের বিচার চেয়ে বিকাল ৫টায় উপজেলা চৌমুহনীতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমান জানান, নিহত কলেজ ছাত্রের লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে পুলিশ তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com