পূর্বশত্রুতার জের ধরে কমলগঞ্জে হামলায় আহত এক ॥ থানায় অভিযোগ

April 6, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন আহত ও গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ২ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।

থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের হামলায় জাঙ্গালিয়া গ্রামের শরীফ মিয়া (৪৫) আহত হন। এরপর তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত শরিফ মিয়া বলেন, আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামের আশিক মিয়া (৫৬), হামজা মিয়া (৪২) ও আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের সালাত মিয়া (৪৫) একযোগে দা, লাঠিসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। আমার হাল্লা চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে আসার পর প্রতিপক্ষের লোকেরা আমার ফলায়া একাশি ও বিভিন্ন রকমের দশটি গাছ আমার ভূমি থেকে কেটে নিয়ে যায়। আমার স্ত্রী নেকজান থানায় মৌখিকভাবে জানানোর পর পুলিশ সরেজমিনে গাছ উদ্ধার করে স্থানীয় পঞ্চায়েত নেতৃবৃন্দের জিম্মায় রেখে দেন।

অভিযোগ বিষয়ে আশিক মিয়া, হামজা মিয়া ও সালাত মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। তবে তাদের এক আত্মীয় জানান, আসলে ঘটনা পুরোপুরি সঠিক নয়। কমলগঞ্জ থানার এসআই তোফায়েল আহমদ লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে সরেজমিনে তদন্ত করা হয়েছে এবং সমুহ ঘটনা তদন্তাধীন রয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com