কুলাউড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়ায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে সরকারি ও বেসরকারি উদ্যোগে বরণ করা হলো বাংলা নববর্ষ ১৪২৬। কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ এপ্রিল রোববার বৈশাখ বাংলা নববর্ষ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা দিয়ে শহর প্রদক্ষিণ করে বর্ষবরনের কর্মসূচী শুরু করা হয়।
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শেষে কুলাউড়া স্বাধীনতা সৌধ মাঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ডাঃ সুলতান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদি-উর রহিম জাদিদ ও অফিসার ইনর্চার্জ মোঃ ইয়ারদৌস হাসান। কুলাউড়া উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাশার এর সার্বিক পরিচালনায় ও শিশু একাডেমীর আয়োজনে স্বাধীনতা সৌধ মাঠে লোকজ ও শিশু আনন্দ মেলা, বৈশাখে রং লাগাও প্রাণে ক্যানভাসে, শিশুদের ইচ্ছেমত ছবি আকা, কুইজ ও যেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ও পুরস্কার বিতরন করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে কুলাউড়া শিশু একাডেমী, উদীচি শিল্পীগোষ্টী, লাল সুর্য খেলাঘর আসরের শিল্পীরা বর্ষবরনের সঙ্গীত পরিবেশন করে। এছাড়া কুলাউড়া অফিসার্স ক্লাব ও কুলাউড়া লেডিস ক্লাবের আয়োজনে দুপুরে ক্লাবভবনে পিঠা উৎসবের আয়োজন করা হয়।
এদিকে উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় বাংলা নববর্ষ উপযাপন করা হয়েছে এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।



মন্তব্য করুন