কুলাউড়ায় মোবাইলে উচ্চস্বরে কথা বলায় কুপিয়ে জখম

May 4, 2019,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়ায় মোবাইলে উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে সোহেল মিয়া (২৪) কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে তাঁর চাচাতো ভাই জুয়েল মিয়া ও জুয়েলের বন্ধু জাকির আহমদ।

শুক্রবার ৩ মে বিকেল ৫টার দিকে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের ইটারঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের ইটাঘাট বাজারে কাইয়ূম মিয়ার ছেলে সোহেল মিয়ার সাথে মোবাইলে উচ্চস্বরে কথা বলা নিয়ে একই এলাকার রইছ আলীর ছেলে জাকির আহমদের হাতাহাতি ও বাকবিত-া হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি ওই সময় মিমাংসা করা হয়।

শুক্রবার বিকেল ৫টার দিকে ওই ঘটনার জেরে ইটাঘাট বাজারে জাকির আহমদ ও তাঁর বন্ধু মতিন মিয়ার ছেলে জুয়েল মিয়া (সোহেলের চাচাতো ভাই) এক হয়ে সোহেলের ওপর হামলা চালায়। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে জুয়েল ও জাকির দা দিয়ে সোহেলকে উপর্যুপুরি কোপাতে থাকে। দায়ের কোপে সোহেলের দু’ পায়ের রগ ও মাথায় মারাত্মক জখম হয়। স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসকরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com