কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় ভাইবোনসহ আহত-৬ ॥ মোটরসাইকেল ভাঙ্গচুর, থানায় অভিযোগ

May 11, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ভাই বোনসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। এ সময়ে হামলাকারীরা একটি মোটর সাইকেলও ভাঙ্গচুর করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অভিযুক্তদের দাবি হামলা করতে আসলে গ্রামবাসীদের আক্রমণের শিকার হয়েছে তারা। এ ঘটনায় কমলগঞ্জ থানায় দু’পক্ষের লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার রাত সাড়ে ৭ টায় বড়চেগ গ্রামে।

হামলায় আহতদের অভিযোগে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড়চেগ গ্রামের হারুন মিয়া, হান্নান মিয়া, রায়হান মিয়া, ফারুক মিয়া, ফজল মিয়া সহ সংঘবদ্ধ একটি দল ৭ মে মঙ্গলবার বিকালে আকলিছ মিয়াকে মারধোর করে। এ ঘটনার জের ধরে বুধবার সন্ধ্যার পর তারাবীর নামাজে যাওয়ার পথে রাস্তায় পথরোধ করে। তাদের বাঁধা দিলে দা, লোহার রড সহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে পুনরায় হামলা চালিয়ে মোস্তফা মিয়া (৩৫) ও তার ভাই মস্তরী মিয়া (৩২) কে কুপিয়ে আহত করে। এ সময়ে তাদের হাল্লা চিৎকারে এগিয়ে এলে অপর ভাই সেলিম মিয়া (২৮), মোস্তাক আহমেদ (৩৭) বোন শিউলী বেগম (২৩) ও ভাবী জাহানারা বেগম (৩৫)-কে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর থাকায় মস্তরি মিয়া, মোস্তাক আহমদ ও জাহানারা বেগমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় আহত মোস্তফা মিয়া বাদী হয়ে ৯ জনকে আসামী করে আরো ৩/৪জন অজ্ঞাতনামা উল্লেখ করে বৃহস্পতিবার রাতে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হারুন মিয়া নিজেকে নির্দোষ দাবী করে বলেন, এরা হামলা করতে এসে উল্টো গ্রামবাসীদের হামলায় আহত হয়েছে। তাদের নানা কার্যক্রমে এলাকাবাসী অতিষ্ঠ। এ সময়ে আমি ঘটনাস্থলে না থাকলেও তারা আমাকে ও আমার ভাইদের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধেও এলাকার পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস বলেন, আসলে এখানে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে ও দু’পক্ষের তিনটি অভিযোগ দেয়া হয়েছে। তবে জখমীরা হাসপাতালে ভর্তি রয়েছে এবং তাদের একটি মোটর সাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে। জখমীদের পক্ষে মোস্তফা মিয়া বাদি হয়ে বৃহস্পতিবার একটি অভিযোগ দিয়েছেন। অপরদিকে প্রতিপক্ষের লোকজন মালামাল লুটপাটসহ দুইটি অভিযোগ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com